জঙ্গি ছিনিয়ে নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা: র‌্যাব ডিজি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জঙ্গি ছিনিয়ে নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা: র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২ ২:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২ ২:৩২ অপরাহ্ণ

 

‘ঢাকার আদালত পাড়া থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলা যায়। তবে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি।’ শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের নিরাপত্তা পরিদর্শন শেষে র‍্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় তিনি দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানান। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সবাই মিলে একসঙ্গে কাজ করলে কোনো অপশক্তিই কিছু করতে পারবে না বলে মনে করেন তিনি।

র‍্যাব মহাপরিচালক বলেন, ‘রাজনৈতিক অপশক্তি রুখতে আমরা বদ্ধপরিকর। আইন-শৃঙ্খলা বিঘ্ন হতে পারে এমন কোনো অবস্থা সৃষ্টি হতে দেওয়া যাবে না। আর আসছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের সার্বিক দিক মনিটরিং করা হচ্ছে। বিভিন্ন পয়েন্টে স্ট্রাইকিং ফোর্স, ডগ স্কোয়ার্ড, বোম ডিসপোজাল ইউনিট, কমান্ডো ফোর্স দায়িত্ব পালন করবে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা হবে আগতদের। সম্মেলন ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হতে পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে লোকজনকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সম্মেলন নির্বিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থাপনাও আমরা ঢেলে সাজিয়েছি। যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিশ্চিত করবে।’

দেশে চলমান রাজনৈতিক উত্তাপ প্রসঙ্গে এক প্রশ্নে র‍্যাব ডিজি বলেন, ‘আমি কোনো রাজনৈতিক উত্তাপ দেখি না। রাজনীতিতে সরকারি দল থাকবে, বিরোধীদল থাকবে। এটাকে উত্তাপ বলে মনে হয় না। বরং রাজনীতির স্বাভাবিক গতি বলে মনে করি। এটা হবেই, যেহেতু সামনে নির্বাচন। তবে এটাকে কেন্দ্র করে অন্য কোনো শক্তি কিছু করতে পারবে বলে আমি মনে করি না।’

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা ও সংশয় রয়েছে, এ বিসয়ে র‍্যাব ডিজি বলেন, ‘মানুষের মধ্যে তো প্রতিক্রিয়া আছেই। সামাজিক যোগাযোগমাধ্যমে কত কথাই আসে, সবই কি সত্যি? মানুষ তো ভাবতেই পারে। আমাদের চিন্তার স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে। আমি আমার মতো বলতেই পারি, ভাবতেই পারি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ