মুক্তির মিছিল নয়াপল্টন থেকে গোলাপবাগ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুক্তির মিছিল নয়াপল্টন থেকে গোলাপবাগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২ ৯:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২ ৯:৩২ অপরাহ্ণ

 

ইফতেখার আলভী নিলয়
জীবনযাত্রার ব্যয়ের ঊর্ধ্বগতি ও গুম-খুন-মামলা-হামলার প্রতিবাদে এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকারের দাবিতে অক্টোবর, ২০২২, থেকে আরম্ভ হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বিভাগীয় গণসমাবেশের ধারাবাহিক কর্মসূচির সর্বশেষ গণসমাবেশ ছিল শনিবার, ডিসেম্বর, ১০, ২০২২, ঢাকায়। এর আগে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার, মামলা, হামলা ও বাধা মোকাবেলা করে বিএনপি শান্তিপূর্ণভাবে নয়টি বিভাগীয় গণসমাবেশ সম্পন্ন করেছিল।
বরিশালের গণসমাবেশে যোগদানের উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় মারাত্মকভাবে আহত হয় ও পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পটুয়াখালী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ শাহজাহান খান। বিভিন্ন স্থানে গণসমাবেশে যোগদানের পূর্বে অনেক নেতাকর্মী হামলার শিকার হন, আহত হন, বন্ধ করে দেওয়া হয় তাদের ব্যবসায় প্রতিষ্ঠান। তারপরও প্রতিটি গণসমাবেশে জনতার উপস্থিতি ছিল লক্ষণীয়। একদিনের গণসমাবেশ তিনদিনের গণসমাবেশে পরিণত হয়। নেতাকর্মীরা গণসমাবেশস্থলে খাবারের আয়োজন করেন, সেখানেই রাত্রিযাপন করেন, জামাতে নামাজ আদায় করেন। পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক তাওহীদ হাসান বরিশাল সমাবেশে এসে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এর সাথে সরাসরি সাক্ষাতের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, আগে যেসব নেতাদের মিডিয়ায় দেখতাম, বক্তব্য শুনতাম, তাদেরকে কাছ থেকে দেখেছি, হ্যান্ডশেইক করেছি, সেলফি তুলেছি, এ এক অন্যরকম অনুভূতি! গণসমাবেশকে ঘিরে কেন্দ্র এবং তৃণমূল নেতাকর্মীদের অভূতপূর্ব মেলবন্ধন তৈরি হয়। শত প্রতিকূলতার মধ্যেও তাদের উপস্থিতি জানান দেয় বিএনপি গণমানুষের দল। বলা যায় ২০১৮ এর নির্বাচনের পরে এটাই ছিল বিএনপি’র এককভাবে সবচেয়ে বড় কর্মসূচি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান-এর নেতৃত্বের পরশ পাথরে এ যেন নতুন বিএনপিকে দেখতে পায় দেশবাসী। বিভাগীয় গসমাবেশ এর সর্বশেষ সমাবেশ ছিল ১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় গণসমাবেশ।
শুরুতেই বিএনপির তরফ থেকে প্রশাসনের কাছে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করার লিখিত অনুমতি চাওয়া হয়। প্রশাসন নয়াপল্টনে সমাবেশের অনুমতি না দিয়ে উল্টো ২৬টি শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেয়। কিন্তু বিএনপি নিরাপত্তাসহ বেশকিছু কারণে স্পষ্ট জানিয়ে দেয় তারা সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে না। সুতরাং নয়াপল্টনে সমাবেশ করতে দিবে না এবং সোহরাওয়ার্দীতে যাওয়া যাবে না, এই সমীকরণ বিএনপির জানা ছিল।
নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ গণসমাবেশকে কেন্দ্র করে ঢাকা বিভাগের হাজারো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ডিসেম্বর ৮-৯ তারিখে মহাসচিব মির্জা আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। ডিসেম্বর ৭, ২০২২, বিএনপির কার্যালয়ে নারকীয় হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন পল্লবীর স্বেচ্ছাসেবকদলের কর্মী মকবুল হোসেন। গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন প্রায় শতাধিক নেতাকর্মী। এই দিন রাতে ওয়ারী থানা যুবদল নেতা ফয়সাল মাহবুব মিজুকে বাসায় না পেয়ে তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে আওয়ামী সন্ত্রাসীরা। রাতেই তাকে আজগর আলী হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন।
গোলাপবাগ মাঠ স্থান নির্ধারিত হওয়ার ঘোষণার সাথে সাথেই চক্রান্তের দোলাচাল গুড়িয়ে দিয়ে গণসমাবেশ অভিমুখে মুক্তিকামী অবিচ্ছিন্ন জনস্রোত তৈরি হয়। শনিবার সকাল নাগাদ আশেপাশের মাইলের পর মাইল জায়গা লোকে-লোকারণ্য, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে। রক্তান্ত পল্টনের রক্তের ছাপ যেন দ্রোহের সুবাস ছড়ায় সারা গোলাপবাগ ময়দান জুড়ে। ঢাকা শহরে বাস চলাচল বন্ধ ছিল। বিভিন্ন স্থানে ছিল ছাত্রলীগের চেকপোস্ট, তারা সাধারণ মানুষের মোবাইল চেক করে। এ যেন অঘোষিত হরতাল। এতকিছুর পরেও নেতাকর্মীরা সর্বোচ্চ ঝুঁকি নিয়ে গণসমাবেশে উপস্থিত হয়। নেতাকর্মীরা করতালির মাধ্যমে তাদের স্বাগত জানান। বিএনপি’র পক্ষ থেকে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার ১০ দফা ঘোষণা করা হয়।
বালির বাঁধ দিয়ে যেমন জোয়ারের পানি আটকানো যায় না, তেমনি গুম-খুন-হামলা-মামলা-নির্যাতন দিয়েও গণতন্ত্রকামী অবিচল জনতার সম্মিলিত শক্তিকে থামানো যাবে না। দেশনায়ক তারেক রহমানের আপসহীন নেতৃত্বে গোটা জাতি ঐক্যবদ্ধ। জনতার সংগ্রাম চলছেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ