ব্যাট-বল ছেড়ে বউয়ের সঙ্গে রান্নায় ব্যস্ত সাকিব! - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্যাট-বল ছেড়ে বউয়ের সঙ্গে রান্নায় ব্যস্ত সাকিব!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২ ১১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২ ১১:৪৩ অপরাহ্ণ

 

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমান সময়েও আছেন ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডারদের তালিকায়। বছরের শেষ সময়ের ছুটিতে অন্য রকম ভাবে দেখা গেল তাকে। আমেরিকায় নিজের বাড়ি থাকলেও তারকা এই ক্রিকেটার এখন পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন নিজ গ্রামে।

ছুটির সময়টা বিদেশের কোনো পাহাড় বা সমুদ্রে না ঘুরে এ বার নিজ জন্মভূমি মাগুরাতে ফিরে গেলেন সাকিব। সেখানেই পরিবারের সঙ্গে পিকনিক করে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আজ (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিব আল হাসানের সহধর্মিণী উম্মে আহমেদ শিশির পিকনিকের কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে সাকিবকে দেখা যায় তার ছেলে আইজাকে নিয়ে মোটর বাইকে বসে আছেন। তারকা এই অলরাউন্ডারকে রান্নার চুলায় কাঠ দিয়ে কাজে সাহায্য করতেও দেখা যায়। আর ক্যাপশনে সাকিবের স্ত্রী শিশির জানিয়েছেন, রান্নাটা করছেন তিনিই, ‘যখন শ্বশুড়বাড়িতে থাকি তখন পিকনিকে আমিই গরুর মাংস রান্না করি।’

ভারতের বিপক্ষে এক মাসের লম্বা সিরিজ শেষে আপাতত ক্রিকেটের কোনো ব্যস্ততা নেই সাকিবের। তবে ২০২৩ সালের প্রথম সপ্তাহেই আবারো ব্যাট বল হাতে মাঠে নামতে হবে সাকিবকে। ৬ জানুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের নবম আসর। সেখানে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে সাকিবকে।

এর আগে গতকাল ভারতের বিপক্ষে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। আশা জাগিয়েও শেষ পর্যন্ত ভারতের সাথে পেরে উঠেনি সাকিব আল হাসানের দল। বছরের শেষ টেস্ট সিরিজ রাঙাতে না পারলেও বাংলাদেশ দল ঠিকই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে। ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ