আব্দুস সাত্তারকে ব্রাহ্মণবাড়িয়ায় তার নির্বাচনী এলাকায় অবাঞ্চিত ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আব্দুস সাত্তারকে ব্রাহ্মণবাড়িয়ায় তার নির্বাচনী এলাকায় অবাঞ্চিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ

 

বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আব্দুস সাত্তার ভূঁইয়াকে ব্রাহ্মণবাড়িয়ায় তার নির্বাচনী এলাকায় অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে পৃথক সভায় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি নেতারা এ ঘোষণা দেন। সেই সঙ্গে তার ছেলে মঈনুল হক তুষারকেও অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।


নেতারা বলেন, উকিল আব্দুস সাত্তার বিগত ৪ বছর সংসদ সদস্য থাকার পরও বিএনপি নেতাদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। তার ছেলে মঈনুল হক তুষার টিআর কাবিখার নামে লুটপাট করেছেন। বিএনপি থেকে পদত্যাগ করে তিনি দলীয় সিদ্ধান্ত না মেনে উপনির্বাচনে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামী উপনির্বাচনে উকিল আব্দুস সাত্তার নির্বাচনে অংশ নিলে তাকে প্রতিহত করা হবে।

বিএনপির যৌথ সভায় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু, আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও উপজেলা যুবদলের সদস্য সচিব নাছির মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় প্রমুখ।

গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাসহ সব পদ থেকে পদত্যাগ করেন আব্দুস সাত্তার ভূঁইয়া। গতকাল রোববার বিকেলে উপনির্বাচনে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কিনেছেন।

এদিকে, দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকায় আব্দুস সাত্তারকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এ বিষয়ে উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তার ছেলে তুষার ফোন রিসিভ করেন। তিনি জানান, তার বাবা বিএনপির প্রবীণ নেতা হলেও তাকে ইদানিং দল তেমন সম্মান দেয়নি। তা ছাড়া ব্যক্তিগত কারণে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। একজন তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনে অংশগ্রহণের বিষয় এখনও চূড়ান্ত হয়নি। তবে নির্বাচনে অংশগ্রহণে তার এলাকাবাসী ও কর্মী সমর্থকের চাপ রয়েছে। দল থেকে বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা বিএনপির একান্ত দলীয় বিষয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ