সরকার পতনসহ ১০ দফা দাবিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনে পাশে থাকার আহ্বান - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার পতনসহ ১০ দফা দাবিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনে পাশে থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ

 

সরকার পতনসহ ১০ দফা দাবিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনে দেশবাসীকে বিএনপির পাশে থাকার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার (২ জানুয়ারি) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

গয়েশ্বর রায় বলেন, আপনারা সবাই জানেন আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যা ভিত্তিহীন মামলায় রাজনৈতিক কারণে গৃহবন্দি অবস্থায় আছেন। একই অবস্থা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। তিনি বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন। আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বহু নেতাকর্মী গ্রেফতার হয়ে কারাবন্দি অবস্থায় আছেন। তাদের জন্য সবাই দোয়া করবেন। তাদেরকে যেন আমরা মুক্ত করতে পারি।

দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আপনারা আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলনে আমাদের পাশে থাকুন। যাতে করে আমাদের নেতৃবৃন্দ মুক্ত হয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারেন।

এ সময় খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে গয়েশ্বর রায় বলেন, আপনারা জানেন, আমার-আপনার নেত্রী ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া শীতের রাতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিরতণ করতেন। আপনারা সবাই দোয়া করবেন, হঠাৎ করে যেন আপনাদের নেত্রী গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত হয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারে নিশ্চয়ই আপনারা খুশি হবেন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে আরও ছিলেন অধ্যাপক রফিক আল কবির লাবু, এ এসএম রফিকুল ইসলাম বাচ্চু, জাহানারা বেগম, কাজী রওনাকুল ইসলাম টিপু, ডা. মাহমুদুর রহমান নোমান, ডা. জাহিদুল কবির, ডা. ইমন, ডা. রতন, ডা. তৌহিদুল রহমান, ডা. সাইফুল ইসলাম বাদশা। পরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ডা. রফিকুল ইসলাম জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাড়ে চার’শ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ