ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়া সেই বিএনপি নেতা জামিনে মুক্ত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:১৬, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়া সেই বিএনপি নেতা জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ

 

হ্যান্ডকাফ ও ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়ানো কালিয়াকৈরের বিএনপি নেতা আলী আজম ৪১ দিন কারাভোগের পর বুধবার জামিনে মুক্তি পেয়েছেন। তাঁর জানাজা পড়ানোর ছবি সারাদেশে আলোচিত হয়।

গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালতের বিচারক শেখ নাজমুন নাহারের আদালতে আজ দীর্ঘ শুনানির পর তাঁকে অস্থায়ী জামিন দেওয়া হয়।
আজমের আইনজীবী ও গাজীপুর বারের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামিনের কাগজপত্র জেলা কারাগারে পৌঁছালে সন্ধ্যা ৬টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

আজমের ছোট ভাই আতাউর রহমান বলেন, মিথ্যা মামলা দিয়ে আমার বড় ভাইকে এক মাস দশ দিন রাজবন্দি করে রেখেছিল। আমরা এ মামলায় আইনি লড়াই করে ভাইকে নির্দোষ প্রমাণ করব।

কালিয়াকৈরের চন্দ্রায় আওয়ামী লীগের অফিসে ককটেল হামলার গায়েবি একটি মামলায় জেলে থাকা বোয়ালি ইউনিয়নের বিএনপির সভাপতি আলী আজমের মা বার্ধক্যজনিত কারণে গত ১৮ ডিসেম্বর মারা যান। এর দুই দিন পরে প্যারোলে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় মায়ের জানাজায় ইমামতি করেন তিনি।

এ সময় এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ডান্ডাবেড়ি খুলে দেওয়ার অনুরোধ করলেও পুলিশ তাতে সাড়া দেয়নি। মায়ের কবরে এক মুঠো মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে আলী আজমকে পুলিশ গাড়িতে নিয়ে চলে যায়।

এর আগে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে সামনে রেখে গত ১ ডিসেম্বর আজমকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ