জনগণ ভোটের মাধ্যমে দলত্যাগী সাত্তারকে প্রতিহত করবে বলে আশা বিএনপি নেতাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণ ভোটের মাধ্যমে দলত্যাগী সাত্তারকে প্রতিহত করবে বলে আশা বিএনপি নেতাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২৯, ২০২৩ ১২:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২৯, ২০২৩ ১২:৩৪ পূর্বাহ্ণ

 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি বহিষ্কৃত নেতা ও চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে অবাঞ্ছিত ও প্রতিহত করার ঘোষণা দিয়েছিল সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা। যদিও বিএনপির নেতাদের দাবি প্রতিহত বলতে তারা ভোটকেন্দ্রে না গিয়ে ভোট দেওয়া থেকে বিরত থেকে তাকে প্রত্যাখ্যান করবেন। সে সঙ্গে জনগণ ভোটের মাধ্যমে তাকে প্রতিহত করবে বলেও জানান তারা।

চলতি মাসের শুরুতে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও কোনো প্রচার করছেন না বিএনপি নেতারা। তারা বলছেন যেহেতু তারা নির্বাচনে নেই তাই তারা আর নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তারা এখন জনগণের ওপরই উকিল সাত্তারের ভবিষ্যৎ নির্ধারণের সব দায়ভার ছেড়ে দিচ্ছেন। এদিকে সরাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের কমিটিতে ‘সাত্তারপন্থি’ হিসেবে পরিচিত পদবঞ্চিত ব্যক্তিরা তার জন্য মাঠে কাজ করে যাচ্ছেন।

এদিকে আব্দুস সাত্তার নির্বাচনী মাঠে তেমন না থাকলেও তার পক্ষে ছেলে মাইনুল ইসলাম তুষার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে দুই উপজেলার বিভিন্ন এলাকায় কর্মিসভাসহ নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। দলীয় সিদ্ধান্তে তিনি গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। এরপর ২৯ ডিসেম্বর তিনি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা পদ ছাড়েন। ১ জানুয়ারি একই আসনে উপনির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। এ জন্য ওই দিন রাতেই বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবদুস সাত্তার ভূঁইয়াকে দলীয় সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

এরপর ২ জানুয়ারি আশুগঞ্জ উপজেলা বিএনপি ও সরাইল উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করে আবদুস সাত্তার ভূঁইয়াকে সরাইলে অবাঞ্ছিত ঘোষণা করে। এ সময় দলীয় কোনো নেতাকর্মী যদি তার নির্বাচনে অংশ নেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেয়।

পৃথক আরেক সংবাদ সম্মেলনে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু, আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক-১ ও উপজেলা যুবদলের সদস্য সচিব নাছির মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়সহ উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তারা সাত্তারকে প্রতিহত করার ঘোষণা দেওয়ার কয়েক দিন পর থেকে নিজেরাই রাজনীতির মাঠ ছাড়তে থাকেন। গ্রেপ্তার আতঙ্কে অনেকে এলাকাও ছেড়েছেন।

এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ বলেন, আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম। আর প্রতিহত বলতে ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিএনপির নেতাকর্মীরা বিরত থাকবেন বলে আহ্বান জানিয়েছলাম। তা ছাড়াও শুধু আমরাই নয়, সাধারণ মানুষও ভোটকেন্দ্রে না গিয়ে তাকে প্রত্যাখ্যান করবে বলে আমি মনে করি। আর সরকার ইচ্ছা করলে যে কাউকেই বিজয়ী করতে পারে।

সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল হক ঠাকুর বলেন, আমরা যেহেতু নির্বাচনে নেই তাই নির্বাচন নিয়ে আমাদের কোনো মাথাব্যথাও নেই। তা ছাড়া নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মাঝে কোনো উচ্ছ্বাস বিরাজ করছে না। জনগণ এমনিতেই তাকে প্রত্যাখ্যান করবে। তাকে প্রতিহত করার অন্য কোনো প্রোগ্রাম নেই।

জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, প্রতিহত বলতে উকিল সাত্তারের সঙ্গে ঝগড়া কিংবা পেশিশক্তির কথা বলা হয়নি। সাধারণ মানুষ তাকে এমনিতেই প্রত্যাখ্যান করবে। মানুষ তার প্রতি বিমুখ হয়ে আছে। আমাদের কোনো নেতাকর্মী ভোট দিতে ভোটকেন্দ্রে যাবে না। জনগণ ভোট ও শিষ্টাচারের মাধ্যমে তাকে প্রতিহত করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ