বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ মির্জা ফখরুলের - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২৯, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২৯, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ

 

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও হয়রানির’ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

এতে বলা হয়, রোববার (২৯ জানুয়ারি) রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগরের পবা, শাহ মকদুম থানা সহ অন্যান্য এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা শতাধিক নেতাকর্মীর নামে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করে হয়রানি করার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, অহেতুক পুলিশ প্রশাসন আওয়ামী নেতাদের নির্দেশে রাজশাহীতে তুঘলকি কাণ্ড ঘটাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী শহরের বিভিন্ন এলাকায় পটকা ফুটিয়ে এর দায় উদ্দেশ্যমূলকভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর চাপিয়ে মিথ্যা মামলা দায়ের করছে। নেতাকর্মীদের বাড়িতে, অফিসে, কর্মক্ষেত্রে পুলিশ গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। নেতাকর্মীদের না পেয়ে তাদের পরিবার এবং অন্যান্যদের সাথে অসদাচরণ ও হয়রানি করছে।

মির্জা ফখরুল বলেন, সরকার ও আওয়ামীলীগ গণ-আন্দোলনে এতটাই ভীত যে, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে তাদেরকে এলাকাছাড়া করে তাদের জনসভা করতে হয়। আওয়ামী লীগের জনসভার দিনে বিএনপির কর্মসূচি না থাকলেও রাজশাহীতে দমন-নিপীড়ন, হুমকি-ধমকি দিয়ে নেতাকর্মীদের এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন এবং রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমাদুল হক লিমনের বাসায় পুলিশি তল্লাশি চালিয়ে অহেতুক হয়রানি করছে।

এতে উল্লেখ করা হয়, বিএনপি রাজনৈতিক সহনশীলতা ও সহ-অবস্থানে বিশ্বাস করে। বিএনপি অন্য কোনো রাজনৈতিক দলের কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি দেয় না। বরং আওয়ামী লীগ এতটাই দেউলিয়া হয়ে গেছে যে, বিরোধী দলের কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাত, নৈরাজ্য, আতঙ্ক সৃষ্টি এবং তাদের কর্মসূচির দিনে বিএনপির কর্মসূচি না থাকলেও মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চায়।

বিবৃতিতে বিএনপি মহাসচিব রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগে দমন-নিপীড়কের তীব্র প্রতিবাদ জানিয়ে তা বন্ধ করার এবং বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত সহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ