উপনির্বাচনে ভোট সুষ্ঠু হলে বিজয়ের মালা আমিই পরব : হিরো আলম - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উপনির্বাচনে ভোট সুষ্ঠু হলে বিজয়ের মালা আমিই পরব : হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ৩০, ২০২৩ ১১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ৩০, ২০২৩ ১১:৩৫ অপরাহ্ণ

 

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আজ সোমবার প্রচারের শেষ সময়ে বগুড়া সদরের এরুলিয়া বাজারে একতারা প্রতীকের প্রচার আনুষ্ঠানিকভাবে শেষ করেছেন। এর আগে তিনি এখান থেকেই তার নির্বাচনী প্রচার শুরু করেছিলেন।

স্থানীয় লোকজন জানান, সোমবার সকালে হিরো আলম কর্মীদের নিয়ে এরুলিয়া বাজারে আসেন। সেখানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা তার ভক্তদের সঙ্গে কথা বলেন। অনেকে হিরো আলমের জন্য ফুল-মিষ্টি নিয়ে এসেছেন। কেউবা আবার নিয়ে এসেছেন নিজেদের ক্ষেত-খামারের ফল। কেউ কেউ নিয়ে এসেছেন হিরো আলমের নির্বাচনী প্রতীক ‘একতারা’।

ভক্তদের ভালোবাসায় মুগ্ধ ও অভিভূত হওয়ার কথা জানিয়ে হিরো আলম বলেন, ‘যার যা সামর্থ্য, তাই নিয়ে ভক্তরা আমার নির্বাচন দেখার জন্য বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন। নিজের টাকা খরচ করে তারা বগুড়ায় এসেছেন, থাকা-খাওয়ার খরচ নিজেরা জোগাড় করে নিয়ে এসেছেন। ভোটের দিন পর্যন্ত তারা বগুড়ায় অবস্থান করবেন। বিজয় দেখে ঘরে তারা ফিরবেন বলে জানিয়েছেন।’

এরুলিয়া বাজারে নির্বাচনী প্রচার চালানোর সময় হিরো আলম বলেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। তবে সব ষড়যন্ত্র প্রতিহত করবেন ভোটাররা। সুষ্ঠু ভোট হলে দিন শেষে বিজয়ের মালা আমিই পরব।’

সোমবার বগুড়া সদরের এরুলিয়া বাজারে একতারা প্রতীকের প্রচার আনুষ্ঠানিকভাবে শেষ করেন হিরো আলম।

তিনি বলেন, ‘হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পাওয়ার পর নিজের জন্মভূমি এরুলিয়া থেকে নির্বাচনী প্রচার শুরু করেছিলাম। এরুলিয়া উচ্চ বিদ্যালয় আমার নিজের ভোটকেন্দ্র। ভোটের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে এসে ভোট দেব। এরপর দুই নির্বাচনী এলাকার ভোটকেন্দ্র পরিদর্শনে যাব। আমার সঙ্গে থাকবেন চিত্রনায়িকা রিয়া মনি।’

হিরো আলম বলেন, ‘উপনির্বাচনে কারচুপি প্রশ্রয় দিয়ে বিশ্বাসঘাতকতা করলে নির্বাচন কমিশন নিজের পায়ে নিজে কুড়াল মারবে। আগামী জাতীয় নির্বাচনে তাদের আর কেউ বিশ্বাস করবে না।’

সোমবার বগুড়া সদরের এরুলিয়া বাজারে একতারা প্রতীকের প্রচার আনুষ্ঠানিকভাবে শেষ করেন হিরো আলম।

দুই নির্বাচনী এলাকায় ভোটকেন্দ্রগুলোতে এজেন্ট দিতে পারবেন কি না জানতে চাইলে হিরো আলম বলেন, ‘ভোটকক্ষে একতারা প্রতীকের এজেন্ট থাকার জন্য কয়েক হাজার তরুণ যোগাযোগ করেছেন। এজেন্ট কোনো সমস্যা হবে না। তবে সব কেন্দ্রে এজেন্ট দেওয়ার প্রয়োজন হবে না। শুধু ঝুঁকিপূর্ণ কেন্দ্রে এজেন্ট দেওয়া হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ