রাজধানীতে বিএনপির পদযাত্রা: অংশ নিতে গাবতলীতে জড়ো হচ্ছেন নেতাকর্মী - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে বিএনপির পদযাত্রা: অংশ নিতে গাবতলীতে জড়ো হচ্ছেন নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ

 

রাজধানীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে গাবতলীতে খালেক পেট্রোল পাম্পসংলগ্ন মাঠের সামনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মী। আজ মঙ্গলবার দুপুর ২টায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মী জড়ো হতে থাকেন। গাবতলী থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত গিয়ে শেষ হবে এ পদযাত্রা।

পদযাত্রায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং সঞ্চালনা করবেন সদস্য সচিব আমিনুল হক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্য, সিনিয়র নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত থাকবেন।

এর আগে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে স্লোগান, মিছিল ও সমাবেশের বাইরে রাজধানীতে নিঃশব্দ পদযাত্রার চার দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এ কর্মসূচির মধ্য দিয়ে সরকারবিরোধী আন্দোলনে ঢাকায় দলের নেতাকর্মী, সমর্থক ছাড়াও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে চায় দলটি।

গত বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করবে।

কর্মসূচির মধ্যে গত শনিবার রাজধানীর বাড্ডা এলাকা থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত মহানগর উত্তর বিএনপির প্রথম পদযাত্রা হয়েছে। একইভাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি গতকাল সোমবার যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত পদযাত্রা করেছে। এ ছাড়া আগামীকাল ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত দুপুর ২টা থেকে পদযাত্রা করবে মহানগর দক্ষিণ বিএনপি।

এদিকে বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকাসহ সব বিভাগীয় শহরে সমাবেশ করা হবে বলেও ঘোষণা দিয়েছে বিএনপি। গত বুধবার নয়াপল্টনের সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ