মানুষের জান ও মালেরও কোনো নিরাপত্তা নেই: জামায়াত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মানুষের জান ও মালেরও কোনো নিরাপত্তা নেই: জামায়াত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ৩, ২০২৩ ১১:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ৩, ২০২৩ ১১:০০ অপরাহ্ণ

 

দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘জনগণের কথা বলার অধিকার নেই, এমনকি মানুষের জান ও মালেরও কোনো নিরাপত্তা নেই। সরকার তার সামগ্রিক ব্যর্থতায় দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে।’

আজ শুক্রবার ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে ভার্চুয়াল সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুজিবুর রহমান বলেন, ‘পূর্ণাঙ্গ জীবন বিধান হলো ইসলাম। শুধু ইসলামই জনগণকে তার প্রকৃত নাগরিক অধিকারের নিশ্চয়তা দেয়। এমতাবস্থায় দেশের মানুষের মুক্তির জন্য ইসলামের সু-মহান আদর্শের ভিত্তিতে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি জামায়াতের সদস্যদের উদ্দেশে বলেন, নিজেদের প্রাক্টিসিং মুসলিম হিসেবে গড়ে তুলতে হবে এবং কথা ও কাজের মাধ্যমে ইসলামের সৌন্দর্য জনগণের কাছে উপস্থাপন করতে হবে। রাসুলের সিরাত থেকে জ্ঞানার্জনের মাধ্যমে সাহাবাদের মতো আন্দোলনে আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।

ঢাকা দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন—কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, মুহা. দেলাওয়ার হোসেন, কামাল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এ ছাড়া ঢাকা উত্তর জামায়াতের রুকন সম্মেলনে বক্তব্য দেন অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি রুকনদের উদ্দেশে বলেন, বিরোধী দল-মতসহ সব মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। ইসলামী আন্দোলনের কাজে প্রতিযোগিতা করে অর্থ-সম্পদ দান করতে হবে। জামায়াতের প্রত্যেক সদস্যকে (রোকন) ঋণ মুক্ত জীবনযাপন করতে হবে। আত্মীয় ও প্রতিবেশীর হক যথাযথভাবে আদায় করতে হবে। মানুষের বিপদে আপদে পাশে থেকে মানবতার সেবা করতে হবে। সেই সঙ্গে সৎ কাজের আদেশ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সর্বোত্তম জিহাদ।

মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াতের জনশক্তিদের মজবুত ইমানের বলে বলিয়ান হয়ে জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ইলমি যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহর গোলাম হিসেবে জান্নাতের প্রত্যাশায় আমমি জিন্দেগি উন্নততর করার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে।

মতিউর রহমান আকন্দ বলেন, ‘আমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কাজ করছি। যে কাজ করেছিলেন আল্লাহতাআলার প্রেরিত সব নবী-রাসুল। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি অনুধাবন করে দেশে আন্দোলনের রূপরেখা তৈরি করতে হবে। ভৌগোলিক পরিমণ্ডল ও পার্শ্ববর্তী দেশগুলোর পরিকল্পনা বুঝে দেশের ও স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখার স্বার্থে যৌক্তিক বিষয়কে অগ্রাধিকার দিয়ে আন্দোলন সংগ্রামে যুক্ত হতে হবে।’

নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘জামায়াতের সব জনশক্তিকে দাওয়াতি কাজ বাড়াতে হবে। তালিমুল কোরআনের মাধ্যমে সমাজের সব মানুষের কাছে কোরআনের শিক্ষা পৌঁছে দিতে হবে। পরিকল্পনা বাস্তবায়নে আরও তৎপর হতে হবে। নিয়মিত অধ্যয়নের মাধ্যমে জ্ঞানার্জন ও অন্তরের খোরাক জোগাতে হবে। সমাজের সব সেক্টরে সৎ, যোগ্য ও দক্ষ লোক তৈরি করতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ বর্তমানে এক গভীর সংকটে রয়েছে। দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠছে, জনগণের ভোট ও ভাতের অধিকার হরণ করা হয়েছে। এই ক্রান্তিকালে দেশের ও জাতির প্রয়োজনে সব আন্দোলন-সংগ্রামে জামায়াতের রুকনদের সম্মুখে থেকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ