রাজধানীতে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ

গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। আজ শনিবার সকালে পুরানা পল্টন মোড়ে ‘সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট’-এর উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জ্বালানি ও গ্যাসের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান।
এ সময় তিনি বলেন, ভোটারবিহীন সরকার তার পতনের ধ্বনি শুনতে পাচ্ছে। ক্ষমতা টেকসই হওয়ার জন্য সীমাহীন দমনপীড়ন করছে। কিন্তু সরকার ভুলে গেছে দমনপীড়ন করে পৃথিবীর কোনো স্বৈরাচার শক্তি টিকতে পারেনি। এই সরকারও টিকতে পারবে না। তারা শুধু মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়নি, ক্ষমতায় থাকার জন্য গুম, খুন ও ক্রসফায়ারের পথ বেছে নিয়েছে। বিরোধীদলের হাজার হাজার নেতাকর্মীদের কারাগারে দিয়ে তারা মনে করেছে ক্ষমতা চিরস্থায়ী। সাধারণ জনগণ আজ ঐক্যবদ্ধ। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবে না।
সাইদুর রহমান বলেন, বিভাজনের রাজনীতি করতে সিদ্ধহস্ত বর্তমান অবৈধ সরকার। তারা আমাদের নানা রকম প্রলোভন দেখিয়ে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। কিন্তু গণতন্ত্রের জন্য আমরা সব সময় রাজপথে ছিলাম ও থাকব।
জিয়া নাগরিক সংসদের সভাপতি অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার বলেন, আমাদের ওপর যত নির্যাতন করা হবে আমরা ততই রাজপথে থেকে সরকার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করব। কোনো রক্তচক্ষু আমরা ভয় পাই না। সরকারের মনে রাখা উচিত বাকশাল কায়েম করে টিকে থাকতে পারেনি। এখনো যতই স্বৈরাচারী মনোভাব নিয়ে দমনপীড়ন করা হোক টিকে থাকা যাবে না।
সমাবেশে অন্যদের মধ্যে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি সৈয়দ ওমর ফারুক, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসাইন মৃধা, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি আমির হোসেন বাদশা, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি শেখ আলীম উল্লাহ আলীম, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি মো. ওমর ফারুকসহ প্রমুখ।
অন্যান্য বক্তারা বলেন, দফায় দফায় বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করে জনগণের রক্তক্ষরণ শুরু করে দিয়েছে। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের গায়ে আগুন। সরকার তাদের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে সেখানে বেগমপাড়া তৈরি করেছে, অন্যদিকে দেশের মানুষকে সীমাহীন কষ্ট দিচ্ছে। অগণতান্ত্রিক ও জবাবদিবিহীন সরকার ক্ষমতায় থাকার কারণে জনগণ আজ দিশাহারা হয়ে পড়েছে। জনগণ নিজেদের মুক্তি চাইলে সমস্ত মতপার্থক্য ভুলে রাজপথে নেমে আসতে হবে। বর্তমানে দুঃশাসনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সে আন্দোলনে সাধারণ মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
জনতার আওয়াজ/আ আ