কে হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি, জানা যাবে সন্ধ্যায়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ

সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নতুন করে দায়িত্ব পালনের সুযোগ নেয়। তাই এ পদে নতুন কেউ আসতে যাচ্ছে। এ নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা কাজ করছে। অধীর আগ্রহে অপেক্ষা করছে সাধারণ জনগণ থেকে রাজনৈতিক সচেতন মানুষেরা। কেননা দেশের ২২তম রাষ্ট্রপ্রধানের অধীনেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। অপেক্ষার পালা শেষ হবে আজ (মঙ্গলবার) সন্ধ্যায়।
এদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত করা হবে আগামী পাঁচ বছরের জন্য বঙ্গভবনে কে যাচ্ছেন। কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি।
আওয়ামী লীগের সংসদীয় দলের সপ্তম সভা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আওয়ামী লীগ দলীয় এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
এর আগেই নিশ্চিত হয়ে গেছে যে, জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে তিনিই হবেন রাষ্ট্রপতি। আবদুল হামিদ বিগত দুটি নির্বাচনে যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এমন একজনকেই এই পদে আনতে চায় ক্ষমতাসীন দলটি। আর বর্তমান সংসদে যেহেতু বিএনপি নেই, আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ এবং এমপিদের দলের বাইরে ভোট দেওয়ার বিধান নেই, তাই সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সংসদীয় দলের মনোনীত প্রার্থীই হতে চলেছেন পরবর্তী রাষ্ট্রপতি। এই সমীকরণে সবার দৃষ্টি মঙ্গলবারের ক্ষমতাসীন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে।
জনতার আওয়াজ/আ আ