পাল্টা কর্মসূচি দিয়ে আ'লীগ দেশকে সংঘাতময় পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় : ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাল্টা কর্মসূচি দিয়ে আ’লীগ দেশকে সংঘাতময় পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় : ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ

 

পাল্টা কর্মসূচি দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশকে সংঘাতময় পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকার প্রথম থেকেই উসকানি দিয়ে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছে। বিএনপি ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি দেওয়ার পর এখন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে।

তিনি বলেন, সরকার চেষ্টা করছে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে। বিএনপি নয়, আওয়ামী লীগের উদ্দেশ্য সংঘাতময় পরিস্থিতি তৈরি করা। সরকার বিএনপির আন্দোলনে ভীত-সন্ত্রস্ত হয়ে ক্ষমতা ধরে রাখতে সংঘাতময় পরিস্থিতি তৈরি করছে। আওয়ামী লীগকে ইউনিয়ন পর্যায়ের পাল্টা কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করতে চায়। তবে জনগণ যখন চাইবে, তখন হরতাল-অবরোধ সব হবে। আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে, ১০ দফা দাবি মেনে নেবে। অন্যথায় জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারকে বাধ্য করা হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে। প্রতিটি রাজনৈতিক দল চাইছে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক।

সংবাদ সম্মেলনে গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্তসমূহ তুলে ধরা হয়।

হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির তদন্ত দাবি করে যে বিবৃতি প্রকাশ করেছে, তা নিয়ে বিএনপির উদ্বেগের কথা জানান দলটির মহাসচিব।

তিনি বলেন, সরকার অবৈধ ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পুলিশকে ব্যবহার করে বিএনপির আন্দোলন দমানোর ষড়যন্ত্র চলছে। পুলিশকে রাজনৈতিক কর্মকাণ্ডে যেন ব্যবহার করা না হয়, স্থায়ী কমিটির সভায় সে দাবি জানানো হয়েছে বলে জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, উন্নয়নের কথা বলে মানুষের সমস্যা সমাধানে ব্যর্থ এই সরকার। ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করছি।

তিনি বলেন, বিএনপির আন্দোলন কর্মসূচি নস্যাৎ করার জন্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। অবিলম্বে গ্রেপ্তারদের মুক্তি দাবি করছি।

সভায় ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় হতাহতে উদ্বেগ প্রকাশ করা হয়। দুই দেশের সরকার ও জনগণের সঙ্গে একাত্মতা ও সমবেদনা প্রকাশ করা হয় বিএনপির পক্ষ থেকে।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ