ডিএমপিতে মিছিলের অনুমতি চেয়ে জামায়াতের আবেদন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিএমপিতে মিছিলের অনুমতি চেয়ে জামায়াতের আবেদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ ২:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ ২:০১ অপরাহ্ণ

 

রাজধানীতে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে ডিএমপি কার্যালয়ে আবেদন জমা দিয়েছেন জামায়াতের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট মাঈনুদ্দিনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল এ আবেদন জমা দেন।

অনুমতি পত্রে আগামী ১১ ফেব্রুয়ারি দুপুর ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করার অনুমতি চাওয়া হয়েছে।

আবেদনে বলা হয়েছে, পাঠ্যপুস্তকে বিভিন্ন অনৈসলামিক বিষয় সংযোজন, ইসলামকে হেয় প্রতিপন্ন করা, মুসলিম শাসকদেরকে দস্যু হিসেবে প্রতিপন্ন করা, ইসলামের মৌলিক বিষয়কে হেয় করা, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী শাখা।

আবেদনে ওই দিন বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মগবাজার পর্যন্ত দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিক্ষোভ মিছিল করতে পুলিশের অনুমতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।

ডিএমপি কমিশনারের কার্যালয়ে আবেদন জমা দেয়ার পর সংবাদ সম্মেলন করেছে প্রতিনিধি দল। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট মাঈনুদ্দিন বলেন, ‘আমরা ১১ ফ্রেব্রুয়ারি দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা বায়তুল মোকাররম মসজিদ থেকে মগবাজার চৌরাস্তা পর্যন্ত বিক্ষোভ মিছিলের জন্য অনুমতি চেয়ে আবেদন জমা দিয়েছি। পুলিশ কমিশনারের কার্যালয় থেকে আবেদন গ্রহণ করে একটি অনুলিপি আমাদেরকে দেয়া হয়েছে’।

তিনি বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা মনে করি পুলিশ নিরপেক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা আমাদেরকে বিক্ষোভ মিছিল করার অনুমতি দেবেন। বাস্তবায়নে সহযোগিতা করবেন। সংবিধানের ভাষায় আমাদের অধিকার মিছিল করা। জনগণের অধিকার প্রতিবাদ করা’। পুলিশ সেখানে সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রতিনিধি দলে আরো ছিলেন অ্যাডভোকেট শাহজাদা শাকিল উদ্দিন, ব্যারিস্টার তরিকুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল খালেক, অ্যাডভোকেট ইসমাঈল হোসেন, অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন ও অ্যাডভোকেট গিয়াস উদ্দিন খান।

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গতকাল (৮ ফেব্রুয়ারি) ডিএমপির ইমেইলে একই আবেদন পত্র পাঠানো হয়েছে। এছাড়া আজ ডিএমপি কার্যালয়ে জামায়াতের প্রতিনিধি দলের কাছ থেকে ডিএমপি কমিশনারের প্রতিনিধি আবেদন গ্রহণ করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ