জুলুমবাজ সরকার দেশব্যাপী নতুন করে গণ-গ্রেফতার, হয়রানি শুরু করেছে : প্রিন্স - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলুমবাজ সরকার দেশব্যাপী নতুন করে গণ-গ্রেফতার, হয়রানি শুরু করেছে : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ণ

 

ইউনিয়ন পদযাত্রাকে বাধাগ্রস্ত করতে এবং নেতাকর্মী, সমর্থক, জনসাধারণকে ভয়ভীতি প্রদর্শন করতে জুলুমবাজ সরকার দেশব্যাপী নতুন করে গণ-গ্রেফতার, হয়রানি শুরু করেছে বলে মন্তব্য করে বিএনপি’র ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকার সৃষ্ট জনদুর্ভোগে মানুষ দিশেহারা।

শুক্রবার দলটির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

প্রিন্স বলেন, গতরাতে ঢাকায় জুরাইন থেকে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক গোলাম মাওলা শাহীনকে গ্রেফতার করে ২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এ ছাড়া সারাদেশে অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ইউনিয়ন পর্যায় পদযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেশব্যাপী নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, গণ-আন্দোলনে, গণ-জোয়ারে জনদুর্ভোগ সৃষ্টিকারী সরকার এতটাই ভীত হয়েছেন যে- পদযাত্রার মতো শান্তিপূর্ণ কর্মসূচিকেও তারা সহ্য করতে পারছে না। আসলে জনবিচ্ছিন্ন সরকার জনআতঙ্কে ভুগছে। সরকারের সীমাহীন ব্যর্থতা, অযোগ্যতা, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে দেশের মানুষ স্বতঃস্ফুর্তভাবে জেগে উঠেছে। সরকার সৃষ্ট জনদুর্ভোগে মানুষ দিশেহারা।

তিনি আরো বলেন, সরকার দেশ-বিদেশে মুখে বলছে বিরোধী দলের কর্মসূচি পালনে কোনো বাধা নাই, অথচ প্রতিটি কর্মসূচির প্রাক্কালে গ্রেফতার, মামলা, হামলা ও পাল্টা কর্মসূচি দিয়ে বিরোধী দলের প্রতিটি কর্মসূচিকে বাধাগ্রস্ত করছে।

তিনি বলেন, হামলাবাজ, মামলাবাজ সরকারের দমন-নিপীড়ন উপেক্ষা করে প্রতিটি কর্মসূচি সফল করে জনগণ এবং নেতাকর্মীরা যেভাবে আন্দোলন এগিয়ে নিয়ে এসেছেন, এইভাবে আগামীকাল ইউনিয়ন পদযাত্রাসহ অন্যান্য কর্মসূচি ব্যাপকভাবে সফল করবেন।

গোলাম মাওলা শাহীনসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও দমন-নিপীড়ন বন্ধের জোর আহ্বান জানিয়ে প্রিন্সি বলেন, একই সাথে এই দমন-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হবার জন্য গণতন্ত্রকামী সকল জনগণকে আহ্বান জানাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ