‘একুশে পদক’ পাচ্ছে ১৯ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চলতি বছর ১৯ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২৩ দিচ্ছে সরকার। রবিবার (১২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ভাষা আন্দোলনে অবদান রাখায় খালেদ মনযুর-ই-খুদা, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক (মরণোত্তর) ও হাজী মো. মজিবর রহমান পাচ্ছেন একুশে পদক।
এ ছাড়া শিল্পকলায় (অভিনয়) মাসুদ আলী খান, শিমুল ইউসুফ; সংগীতে মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম, ফজল-এ-খোদা (মরণোত্তর); আবৃত্তিতে জয়ন্ত চট্টোপাধ্যায়; শিল্পকলায় নওয়াজীশ আলী খান; চিত্রকলায় কনক চাঁপা চাকমা পাচ্ছেন এ পদক।
মুক্তিযুদ্ধে অবদান রাখায় মমতাজ উদ্দীন (মরণোত্তর); সাংবাদিকতায় মো. শাহ আলমগীর (মরণোত্তর); গবেষণায় ড. মো. আবদুল মজিদ; শিক্ষায় প্রফেসর ড. মযহারুল ইসলাম (মরণোত্তর) এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর এই পদকের জন্য মনোনীত হয়েছে।
রাজনীতিতে চলতি বছর এই পদক পাচ্ছেন অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) ও আকতার উদ্দন মিয়া (মরণোত্তর)।
এ ছাড়া ভাষা ও সাহিত্যে পাচ্ছেন ড. মনিরুজ্জামান। চলতি বছর সমাজসেবায় একুশে পদক পাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও সাইদুল হক।
জনতার আওয়াজ/আ আ