রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানাবে বিএনপি : টুকু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ

নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপি পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপির কাছে নবনির্বাচিত রাষ্ট্রপতি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কোনো মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের রিঅ্যাকশন আমার দল থেকে দেবে। এই মিটিং (লিয়াজোঁ কমিটি) থেকে আমি রিঅ্যাকশন দিতে পারব না। আমাদের দলের সবাই আলোচনা করে সিদ্ধান্ত পরে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে।
টুকু বলেন, এই বিষয়ে আমি কথা বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি একতন্ত্রের দেশে অনেক সম্ভব অসম্ভব হইতে পারে, আবার অনেক অসম্ভব সম্ভব হইতে পারে- সেই নিউজ এই দৃষ্টান্ত।
আওয়ামী লীগের সংসদীয় সভায় ‘নতুন রাষ্ট্রপতি’র মনোনয়ন প্রক্রিয়া নিয়ে কঠোর সমালোচনা করেছেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ব্যক্তিগভাবে কে রাষ্ট্রপতি হলেন, না হলেন খুব বেশি পার্থক্য ভেরি করে না। রাষ্ট্রপতির ফাংশন ও ডিউটি ডিফারেন্ট, তিনি এড়িয়ে যেতে পারবেন না এবং প্রধানমন্ত্রীর কতগুলো বিষয় আছে সব ব্যাপারে তার (প্রধানমন্ত্রী) কথা শুনতে হবে।
মান্না বলেন, এবার ঘটনাটা খুবই ন্যাক্কারজনক অশ্লীল একটা বিষয় হয়েছে যে, বুঝা গেল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানান। একটা রেজ্যুলেশন নিয়ে বলা হলো যে, উনি (প্রধানমন্ত্রী) যাকে মনে করেন তাকে দেবেন। মিনিমাম যে একটা ডেকোরাম আছে, একটা ভোট হয়, আরও কি হয়… সমস্ত জিনিসকে পদদলিত করা হলো। এ থেকে বুঝা যাচ্ছে যে, কতখানি স্বেচ্ছাচারি মানুষ হতে পারে। নির্বাচনে জেতারও একরকম করবে এখান থেকে তার একটা প্রমাণ পাওয়া যাবে।
গণতন্ত্র মঞ্চের বৈঠকে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়কারী হাসনাম কাইয়ুম। বিএনপির পক্ষে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
জনতার আওয়াজ/আ আ