চতুর্থবারের মতো দল পাল্টালেন টাঙ্গাইলের সখিপুর পৌরসভার সাবেক মেয়র
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের সখিপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব আবারও রাজনৈতিক দল পরিবর্তন করেছেন। এ নিয়ে তিনি চতুর্থবারের মতো দল পরিবর্তন করলেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনার চত্বরে তিনি বিএনপি ছেড়ে কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকীর দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এর আগে তিনি ছাত্রলীগ ও বিএনপি ছাড়াও কৃষক শ্রমিক জনতা লীগের রাতনৈতির সঙ্গেও যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সানোয়ার হোসেন ১৯৯০ সালে সখীপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে ছাত্র রাজনীতিতে পা রাখেন তিনি। এরপর উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৯ সালে কাদের সিদ্দিকী আওয়ামী লীগ ত্যাগ করে কৃষক শ্রমিক জনতালীগ নামের রাজনৈতিক দল গঠন করার সময় সানোয়ার হোসেন সজীবও সঙ্গে ছিলেন। ওই সময় তাকে টাঙ্গাইল জেলা কমিটির যুব বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
২০০২ সালে কৃষক শ্রমিক জনতালীগের হয়ে সখীপুর পৌরসভার মেয়র পদে নির্বাচিত হন। মেয়র থাকাকালীন দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হতে থাকে। এক পর্যায়ে ২০১১ সালের ২৬ মে তিনি কাদের সিদ্দিকীর দল ছেড়ে বিএনপিতে যোগ দেন। ২০১৫ সালের ২১ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনি বিএনপি থেকে বহিষ্কার হন। তবে বিএনপিতে থাকাকালে দলীয় কোনও পদ পাননি। গত কয়েক বছর ধরে তিনি আওয়ামী লীগে যোগদানের চেষ্টা করে ব্যর্থ হন বলে জানা গেছে।
এরপর তিনি রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েন। শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনার চত্বরে তিনি কাদের সিদ্দিকীর হাত থেকে গলায় গামছা পরে কৃষক শ্রমিক জনতালীগে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করা হয়।
এদিকে, গত ২৩ ডিসেম্বর সপরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এরপর থেকে রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের আভাসের বার্তা বাতাসে উড়ছে। কাদের সিদ্দিকী তার মেয়ে কুড়ি সিদ্দিকীকে সঙ্গে নিয়ে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বিভিন্ন এলাকায় পথসভা করে যাচ্ছেন। গত ২৪ জানুয়ারি টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসের সঙ্গে এক মঞ্চে দল থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও কাদের সিদ্দিকীকে দেখা যায়। এসব ঘটনায় জেলা ও সখীপুর-বাসাইল আসনে রাজনীতিতে নতুন করে ঘুরে ফিরে সিদ্দিকী পরিবারের নাম আসতে শুরু করে।
উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু বলেন, ‘সানোয়ার হোসেনকে অনেক আগেই বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। সানোয়ার বিএনপি নেতা নন, তিনি কৃষক শ্রমিক জনতা লীগে ছিলেন, তিনি পুনরায় সেখানেই ফিরে যাচ্ছেন।’
সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব বলেন, ‘আমার রাজনীতি শুরু হয়েছিল কাদের সিদ্দিকীর মাধ্যমে। এরপর কিছুদিন তার সঙ্গে সামান্য দূরত্ব সৃষ্টি হয়েছিল। পুনরায় তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। বিএনপিতে যোগ দেওয়াটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। আমার সঙ্গে সখিপুরের বিভিন্ন এলাকার এক হাজারেরও বেশি লোক কৃষক শ্রমিক জনতালীগে যোগ দিয়েছেন।’
উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র সদস্য দুলাল হোসেন বলেন, ‘কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় সাবেক মেয়র সানোয়ার হোসেন ঘরে ফিরে এসেছে। তিনি আগেও আমাদের সঙ্গে ছিলেন। তিনি ঘরে ফেরায় দল আরও শক্ত অবস্থানে এলো।’
জনতার আওয়াজ/আ আ