গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে: ডা. শাহাদাত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ৫, ২০২৩ ২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ৫, ২০২৩ ২:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘দেশের মানুষ অজকে অসহায়। রমজান আসার আগেই নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। সবকিছু সরকারের নিয়ন্ত্রণের বাইরে। মাছ-মাংসের দাম দ্বিগুণ। ১৪০ টাকার ব্রয়লার মুরগি ২৪৫-২৫০ টাকা। সবকিছুই নাগালের বাইরে। যেন নিয়ন্ত্রণহীনভাবে চলছে দুর্নীতি সমৃদ্ধ এ বাংলাদেশ।’
তিনি বলেন, ‘বাজার মনিটরিংয়ে সরকারের কোনো উদ্যোগ নেই। গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। তিন দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। জনগণের ভোটে এ সরকার নির্বাচিত নয় বলে জনগণের ওপর অন্যায়ভাবে সবকিছু চাপিয়ে দিচ্ছে তারা। এটা কোনো গণতান্ত্রিক সরকারের কাজ হতে পারে না। এটা স্বৈরাচার সরকারের কাজ। তাই এ সরকারকে বিদায় দিতে হবে। আন্দোলন সংগ্রামের সবাইকে রাজপথে থাকতে হবে।’
শনিবার (৪ মার্চ) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর কালামিয়া বাজারে বাকলিয়া থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ও জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে। ভোটাধিকার সাংবিধানিক অধিকার। এটা বিএনপির একার দাবি নয়। এটা সারা বাংলাদেশের মানুষের দাবি। এটা জনগণের অধিকার। জনগণকে ফিরিয়ে দিতে হবে।’
তিনি বলেন, ‘যতদিন পর্যন্ত ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে, গণতন্ত্র ফিরে না আসবে, বেগম খালেদা জিয়ার মুক্তি না দেওয়া হবে, ততদিন পর্যন্ত এ দেশের মানুষ রাজপথ ছাড়বে না। এ দেশের মানুষ স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে। বিএনপি ১০ দফা দাবি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আছে, থাকবে।’
বাকলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম আই চৌধুরী মামুন এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ আলী, অধ্যাপক নরুল আলম রাজু, নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. তৈয়ব, সৈয়দ আমিন মাহমুদ, ইব্রাহিম বাচ্চু, এস এম সেলিম, এ কে খান, ইউনুস চৌধুরী হাকিম, হাসেম সওদাগর, মোহাম্মদ শাহজাহান, খোরশেদ আলম, ইসমাইল বাবুল, আলী ইউসুফ, ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব খান, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সেকান্দার, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল ছগির, সাধারণ সম্পাধক মুহাম্মদ মহিউদ্দিন, ইয়াকুব চৌধুরী নাজিম প্রমুখ।
এর আগে চকবাজার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পদযাত্রা কর্মসূচি উদ্বোধন করেন ডা. শাহাদাত হোসেন। থানা বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান জুনুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিমুদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য কামরুল ইসলাম, নগর বিএনপি নেতা সালাউদ্দিন কায়সার লাবু প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ