ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ওয়াজ করে ফেরার পথে বক্তার জিহ্বা কর্তন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ৫, ২০২৩ ৯:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ৫, ২০২৩ ৯:৪৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাহফিল শেষে ফেরার সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শরীফুল ইসলাম ভূঁইয়া (৩৬) নামে এক ইসলামী বক্তার জিহ্বা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় মারধরের ফলে গুরুতর আহত তিনি। তিনি সদর উপজেলার চাপুইর গ্রামের মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে এবং বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক।
রবিবার (৫ মার্চ) রাতে উপজেলার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগীর ছোট ভাই মওদুদুল ইসলাম ভূঁইয়া বলেন, রাতে বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি চাওড়া এলাকায় একটি মাহফিল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় আজমপুর রেলস্টেশনের পাশে ৭/৮ জন তার গতিরোধ করে অতর্কিতভাবে হামলা চালায়। ঘটনার আকস্মিতা বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা শরিফুলের জিহ্বার অনেকাংশ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
এ ঘটনা তার সফরসঙ্গী ওবায়দুল্লাহও (৩৪) আহত হয়েছেন। শরিফুল বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে শিয়া অনুসারীদের নিয়ে বক্তব্য রেখে থাকেন। শিয়া অনুসারীরাই এ হামলার সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন দুলাল বলেন, শিয়া অনুসারীদের নিয়ে বক্তব্য দেয়ার কারণে পূর্ব পরিকল্পনা করে এমন হামলা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সে সাথে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, আমরা এমন ঘটনা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনতার আওয়াজ/আ আ