স্বাধীনতার ইতিহাস নিয়ে মিথ্যাচারের বিষয়ে সজাগ থাকার আহ্বান কৃষিমন্ত্রীর - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতার ইতিহাস নিয়ে মিথ্যাচারের বিষয়ে সজাগ থাকার আহ্বান কৃষিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৮, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৮, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ

 

স্বাধীনতার ইতিহাস নিয়ে মিথ্যাচারের বিষয়ে সজাগ থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।

বুধবার বিকেলে রাজধানীর মিরপুরে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শেখ কামাল পঞ্চম জাতীয় ফেন্সিং বা তরবারি খেলা প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, স্বাধীনতার ইতিহাস নিয়ে দেশে অনেক মিথ্যাচার হয়েছে। স্বাধীনতাবিরোধী শক্তি এখনও মিথ্যাচার করে যাচ্ছে। এ বিষয়ে তরুণ প্রজন্মকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, শেখ কামাল ছিলেন অনন্য ক্রীড়া সংগঠক, যিনি খেলাধুলায় নতুন যুগের সূচনা করেছিলেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী শেখ কামাল ছিলেন সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, রাজনৈতিকভাবে সচেতন ও দেশপ্রেমিক।

তিনি বলেন, তার আদর্শ ও চেতনা ধারণের জন্য দেশের তরুণ যুবসমাজকে অনুপ্রাণিত করতে হবে। তার আদর্শে তরুণদেরকে খেলাধুলায়, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে এবং দেশপ্রেমে উজ্জীবিত করতে হবে। দেশে যুবসমাজের অবক্ষয় ও অপসংস্কৃতিরোধে শহীদ শেখ কামালের আদর্শ ও চেতনাকে তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

খেলাধুলায় তরুণদের আগ্রহ কমে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গ্রামের খেলার মাঠগুলো এক সময় নানারকম খেলাধুলায় খুব ব্যস্ত থাকত। এখন গ্রামে যাই, দেখি মাঠ ফাঁকা পড়ে থাকে। ছেলে-মেয়েরা খেলাধুলা করে না। অনেক ছেলে-মেয়ে বিপথগামী হচ্ছে, মাদকাসক্ত হচ্ছে। সেজন্য সুস্থ সবল জাতি গঠনের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরো বাড়াতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সভাপতি শোয়েব চৌধুরীর সভাপতিত্বে সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী, সাবেক প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, অতিরিক্ত আইজিপি হুমায়ুন কবীর, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আলী, টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মাসুদ করিম, ফেন্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সেলিম ওমরাও খান প্রমুখ বক্তব্য রাখেন।

চার দিনব্যাপী এই তরবারি খেলা প্রতিযোগিতায় সারা দেশের ২৩৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ