ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার কোনো শক্তি দেশে নেই : তথ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার কোনো শক্তি দেশে নেই : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার কোনো শক্তি দেশে নেই।

তিনি বলেন, ‘আমাদের দল আজ বাংলাদেশে যেকোনো দলের চেয়ে অনেক শক্তিশালী। বাংলাদেশ আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে পরাজিত করার কোনো শক্তি দেশে নেই।‘

মন্ত্রী আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আসুন, আমাদের তৃণমূলের নেতাদের সাথে খেলতে নামুন, খেলে দেখুন, আপনারা কতটুকু খেলতে পারেন।‘

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী, সহ-সভাপতি একুশে পদকপ্রাপ্ত আইনজীবী আব্রাহাম লিংকন, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

বিএনপি প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে এ কথা বলে তারা এখন হাঁটা শুরু করেছে। এভাবে হাঁটাহাঁটি করে সরকারের পতন ঘটানো সম্ভব হবে না। আর আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানোর ক্ষমতা বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তির নেই।‘

হাছান মাহমুদ বলেন, ‘আন্দোলনের চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আন্দোলনের মাধ্যমে বিএনপিরই পতন ঘটেছিল ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর। সুতরাং আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের বিদায় এটা দিবাস্বপ্ন ছাড়া অন্য কিছু নয়। তাই বিএনপিকে অনুরোধ জানাব নির্বাচনে অংশগ্রহণ করার জন্য।‘

ড. হাছান বলেন, ‘আমাদের দলের প্রাণ হচ্ছে তৃণমূল সংগঠন। আওয়ামী লীগ জনগণের দল এবং আওয়ামী লীগের শক্তি তৃণমূলের নেতারা, আওয়ামী লীগের ভিত তৃণমূলের নেতারা। সুতরাং তৃণমূলে যদি আমাদের সংগঠন শক্তিশালী থাকে, তাহলে আওয়ামী লীগও শক্তিশালী হয়। সেজন্য আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, কোথায় সাংগঠনিক কী দুর্বলতা আছে, সেগুলো চিহ্নিত করে ত্বরিৎ সমাধান দেয়ার জন্য।‘

সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ