বাঘের হুঙ্কারে সিংহের অসহায় আত্মসমর্পণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ১৫, ২০২৩ ৭:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ১৫, ২০২৩ ৭:৪৮ পূর্বাহ্ণ

কালকের মিরপুরে অলক্ষ্যে যেন সেই বজ্র কণ্ঠও শোনা গেল, ২০১৫-র অ্যাডিলেইড ওভালে যা গোটা বিশ্বকে শুনিয়েছিলেন নাসের হুসেইন। সেবার ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করতে না করতেই কমেন্ট্রি বক্সে মাইক্রোফোন হাতে এভাবেই গর্জে উঠেছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক, ‘বাংলাদেশ টাইগার্স হ্যাভ নকড দ্য ইংল্যান্ড লায়নস আউট অব দ্য ওয়ার্ল্ড কাপ। ওয়ান অব দ্য গ্রেটেস্ট ডে’জ ইন বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রি, ওয়ান অব দ্য লোয়েস্ট পয়েন্ট ইন ইংলিশ হিস্ট্রি।’
কোনটিকে ছেড়ে কোনটি এগিয়ে থাকে, তা নিয়ে দ্বিধার অবসানও বোধ হয় করে দিল গত সন্ধ্যার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাঠে হারা ইংলিশদের তখনো সাদা বলের ক্রিকেট শ্রেষ্ঠত্বের পথে উত্তরণই শুরু হয়নি। আর এবার বাংলাদেশ সফরে আসার সময় তাদের গায়েই লেপ্টে ছিল ওয়ানডে এবং টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নের সোনালি রং। মাত্র চার মাস আগে অস্ট্রেলিয়ায় কুড়ি-বিশের বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা সেই ‘ইংল্যান্ড লায়নস’ই কিনা এবার বাঘের হুঙ্কারে অসহায় আত্মসমর্পণের করুণ ছবি ফুটিয়ে তুলল। ১৬ রানের হারে বাংলার মাটিতে হলো হোয়াইটওয়াশ। এর আগে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতকে এই সংস্করণে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ এই প্রথমবার বড় শিকারকে টেনে নামাল মাটিতে।
জনতার আওয়াজ/আ আ