শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি মানার আহ্বান চরমোনাই পীরের - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি মানার আহ্বান চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ

 

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ২০২৩ সালের শিক্ষা সিলেবাসে ইসলাম ও মুসলমানদের ইতিহাসকে বিকৃত করে নতুন প্রজন্মকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র পাকাপোক্ত করা হয়েছে।

তিনি বলেন, ধর্মীয় শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হয় না। অতএব, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

আজ শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক নাসির উদ্দিন খানের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন—ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় নেতা অধ্যাপক আশরাফ আলী, গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম ইউনুস, ইসলামী শিক্ষা উন্নয়ন জাতীয় কমিটির মো. আব্দুর রহমান, জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের জসিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের মো. সাইদুল হাসান সেলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, আবুল কাশেম, জাতীয় শিক্ষক ফোরামের মাওলানা এ বি এম জাকারিয়া, অধ্যাপক আরিফ বিল্লাহ, মু. হুমায়ূন কবির, দিদারুল মাওলা, আব্দুস সবুর, ইঞ্জিনিয়ার আহসানুল্লাহ, মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, অধ্যাপক ডা. কামরুজ্জামান, প্রিন্সিপাল ওমর ফারুক, অধ্যাপক ড. আবু জাফর মোহাম্মদ সালেহ, মহিউদ্দিন মোল্লা, আমজাদ হোসাইন আজমী, এ কে আজাদ, মুফতি মহিউদ্দিন আকবর, আব্দুল হান্নান, রেজাউল করীম, রাশেদ আনোয়ার, মনিরুল ইসলাম, আহসান হাবীবসহ বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতারা।

চরমোনাই পীর বলেন, জাতীয়করণের দাবিতে শিক্ষকরা আজ ফুটপাতে নির্ঘুম রাত কাটাচ্ছেন। বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাদের যে বাসা ভাড়া দেওয়া হয় তা তাদের মর্যাদা ও শ্রমের সঙ্গে বেমানান। শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণই এর সুষ্ঠু সমাধান।

সম্মেলন শেষে অধ্যাপক নাসির উদ্দিন খানকে সভাপতি, মাওলানা এ বি এম জাকারিয়াকে সিনিয়র সহসভাপতি ও প্রভাষক আব্দুস সবুরকে সেক্রেটারি জেনারেল করে জাতীয় শিক্ষক ফোরামের ২০২৩-২৪ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান চরমোনাই পীর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ