প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল: জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ১৯, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ১৯, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ

মাদারীপুরে পদ্মসেতু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। আজ (১৯ মার্চ) এক শোক বার্তায় দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি। পাশাপাশি শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান।
জিএম কাদের বলেন, জীবনের যেন মূল্যই নেই। এমন ভয়াবহ দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল। অথচ, কোনো প্রতিকার নেই। যেন সড়ক দুর্ঘটনারোধে কারোর কোনো দায় নেই। প্রতিদিনের দুর্ঘটনা যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা। দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নিহতদের পরিবারকে যৌক্তিক সহায়তা দিতে হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
মাদারীপুরের শিবচরে মারাত্মক সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। উপজেলার ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।
রবিবার (১৯ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার কুতুবপুর এলাকায় খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাস খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
জনতার আওয়াজ/আ আ