বাজারে জিনিসপত্রের দাম বাড়েনি: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাজারে জিনিসপত্রের দাম বাড়েনি: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ

 

বাজারে জিনিসপত্রের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বাজারে জিনিসপত্রের দাম বাড়েনি। মানুষ বাজারে গিয়ে জিনিসপত্র একবারে কিনে নিচ্ছে। ফলে বাজারে গিয়ে মানুষ ভাবছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে।

রবিবার (২৬ মার্চ) দুপুরে পাঁচদিনের ভারত ও ভুটান সফর শেষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশের সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, গতবারের তুলনায় এবার সব পণ্যের সাপ্লাই অনেক বেশি রয়েছে। কোনো পণ্য সংকট হওয়ার শঙ্কা নেই। বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রাফিক-ইন-ট্রানজিট চুক্তি হয়েছে। ভারত হয়ে উভয় দেশের মধ্যে সরাসরি আমদানি-রপ্তানি পণ্য পরিবহন করতে এ চুক্তি হয়েছে। এতে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের বিস্তার ঘটবে।

টিপু মুনশি আরও বলেন, ‌‘আমরা চাই ডাইরেক্ট ট্রান্সপোর্ট চালু হোক। অনেক সময় ঝামেলা হয়। এজন্য ভুটানের সঙ্গে এগ্রিমেন্টটা হয়েছে। ভুটান ও বাংলাদেশের মধ্যে পাথর ও ফলসহ বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি করা হচ্ছে। এগুলো যেন ভারতের সড়কে চেক না হয়ে সরাসরি বাংলাদেশে ট্রান্সপোর্ট করা যায় সে বিষয়ে চুক্তি হয়েছে।’

এসময় বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান সাঈদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর হাসান কবির, পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোত্তালিব হোসনে মুসা, বুড়িমারী বিজিবি ক্যাম্প কমান্ডার একরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ