মতিউর রহমানের গ্রেপ্তার এবং পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবি ছাত্রলীগের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মতিউর রহমানের গ্রেপ্তার এবং পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবি ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ

 

হলুদ সাংবাদিকতা ও স্বাধীনতা নিয়ে কটূক্তির বিরুদ্ধে ‘ঐক্যবদ্ধ ছাত্রসমাজ’ ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। এ সময় তারা দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তার এবং পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবি জানান।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রলীগের নেতা শুভ বলেন, একটি অবুঝ শিশুকে ব্যবহার করে দেশ ও সরকারবিরোধী প্রচার চালানো হচ্ছে। এই সংবাদ প্রচারের মাধ্যমে তারা আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এ রকম ন্যক্কারজনক সাংবাদিকতার ইতিহাস সারা পৃথিবীতে পাওয়া যাবে না। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনসহ সব আন্দোলন-সংগ্রামের আওয়াজ তুলেছে ছাত্রসমাজ। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা প্রথম আলোকে বয়কট করছি। তাদের দেশ ও সরকারবিরোধী প্রচারণায় আমরা ধিক্কার জানাই। এসবের লাগাম ছাত্রসমাজকে টেনে ধরতে হবে।

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান প্রসঙ্গে এই ছাত্রলীগ নেতা বলেন, মতিউর রহমান হলুদ সাংবাদিকার চর্চা করেন। তিনি স্বাধীনতা রক্ষার নামে স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করছেন। তিনি আমাদের অন্ধকারের দিকে ধাবিত করেছেন। তিনি তথ্য দেওয়ার নামে তথ্য সন্ত্রাস করেছেন। তার লাগাম টেনে ধরা উচিত। প্রথম আলোর নিবন্ধন বাতিল করতে হবে। একইসাথে দেশের বিদ্যমান আইনে মতিউর রহমানের শাস্তি নিশ্চিত করতে হবে।

সামিয়া মাহমুদ নামে আরেক ছাত্রলীগ নেত্রী বলেন, আমরা হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চাই। এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে হলুদ সাংবাদিকদের সতর্ক করে দেওয়া হোক। ছোট ছোট অপরাধ থেকেই বড় অপরাধের জন্ম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ