সংস্কার নয়, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করুন : ভুক্তভোগীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংস্কার নয়, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করুন : ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩ ১১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩ ১১:৪৭ অপরাহ্ণ

 

সংস্কার নয় বরং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন এই মামলার ভুক্তভোগীরা। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান তারা।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক শামসুজ্জামান, যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুব আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং র‍্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর প্রতিবাদে ‘ডিজিটাল নিরাপত্তা আইন ভিক্টিমস নেটওয়ার্ক’র উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি আইন হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় পরিপন্থি আইন। যারা অত্যাচার করে, যারা শোষণ করে, যারা দুর্নীতি করে—সেই শাসক শ্রেণিকে রক্ষার জন্য এই আইন তৈরি করা হয়েছে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম ডিজিটাল নিরাপত্তা আইন বানানোর ঘটনাপ্রবাহ তুলে ধরে বলেন, ‘২০১৬ সালে গণআন্দোলন এবং হাইকোর্টের রুলের মুখে সরকার বুঝতে পারে তৎকালীন ৫৭ ধারা আর টিকিয়ে রাখা যাবে না। তখন তারা জনগণ এবং হাইকোর্টকে আইনটি বাতিল করছে বলে নিশ্চিত করে। কিন্তু বাতিলের নামে সেই ৫৭ ধারার সব বিধি আরও জনবিরোধী করে সুকৌশলে ডিজিটাল নিরাপত্তা আইনে রাখা হয়েছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, কেউই এ আইনে নিরাপদ নন। সরকার আতঙ্কিত, গদি রক্ষা করা না গেলে তাদের ওপর প্রতিশোধ নেমে আসবে। সেটা রুখতেই তারা এসব আইন দিয়ে যখন ইচ্ছা যাকে তুলে নিয়ে, জেলে পাঠিয়ে ভয়ের পরিবেশ গড়ে তুলে গদি রক্ষা করতে চায়।’

তিনি ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্কের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই আইন বাতিল করাও সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া সম্ভব না। রাষ্ট্র এবং সরকারের সুবিধাভোগীরা এটাকে আটকে দিবে। তবুও যদি বাতিল হয়-ও, সেটার সুফল পেতে হলে সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া বিকল্প নেই।


সংগঠনের আহ্বায়ক ও ডিজিটাল নিরাপত্তা আইনে কারাভোগী গোলাম মাহফুজ জোয়ার্দার এই আইন বাতিল ও সব ভুক্তভোগীর ক্ষতিপূরণ দাবি করেন। তিনি মিথ্যা মামলা দায়েরকারীদের সাজার দাবিও জানান।

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাভোগী এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে এ আইনের ভুক্তভোগী ইমতিয়াজ আহমেদ কাজল, এন ইউ আহমেদের পাশাপাশি রাষ্ট্র সংস্কার আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক সাধনা মহল, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড, গণপরিষদ আন্দোলনের অন্যতম সমন্বয়ক জসিমউদদীন রাজাসহ অনেকেই বক্তব্য দেন।

এ ছাড়া রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলনের আহ্বায়ক রাখাল রাহাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ