নতুন বছরে রাজনৈতিক দলগুলোর কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ হবে: পররাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন বছরে রাজনৈতিক দলগুলোর কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ

 

নতুন বছরে রাজনৈতিক দলগুলোর কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ হবে বলে প্রত্যাশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে সিলেট জেলা প্রশাসন আয়োজিত বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন বছরের প্রত্যাশা হচ্ছে, সবার মধ্যে সহিষ্ণুতা, সম্প্রীতি ও সম্মানবোধ জাগ্রত হোক। ধর্ম-বর্ণ গোষ্ঠীর সংমিশ্রণে দেশটা হবে একটি স্বতন্ত্র অসাম্প্রদায়িক অর্থনীতির উন্নত বাংলাদেশ।

সাংবাদিকরা নির্বাচন নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, নির্বাচনের এখনো নয় মাস বাকি, নির্বাচন নিয়ে তাড়াহুড়ার কিছু নেই। সরকার সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আন্তরিক। তবে শুধু সরকার চাইলেই হবে না। নির্বাচন কমিশনের বড় দায়দায়িত্ব রয়েছে। এজন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সকল দায়দায়িত্ব তাদের। তবে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে রাজনৈতিক দল, সমর্থক ও ভোটারদের। সবাই আন্তরিক হলে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন অনুষ্ঠিত হবে।

মন্ত্রী আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা করেছে সরকার। আগে বিএনপির সময়ে ভুয়া ভোটার ছিল ১ কোটি ২৩ লাখ। এই ভুয়া ভোট যাতে না হয় জন্য এখন ফটো আইডি বায়োমেট্রিক ব্যবস্থা নেয়া হয়েছে। আগে অভিযোগ হতো ব্যালট বাক্স ভরে দেয়ার, এজন্য এখন স্বচ্ছ ব্যালট বাক্স আনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের ভয় নেই। এ দেশের মানুষ অনেক সেয়ানা। তার সব বুঝে, জানে। তারা ভুল করে না। আওয়ামী লীগ জনগণের ওপর আস্থা রাখে।

জনগণ ভোট দিলে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে, না দিলে অপজিশনে যাবে। এমন মন্তব্য করে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ১৪ বছরে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের যে অভাবনীয় সাফল্য ও উন্নয়ন সাধিত হয়েছে সে জন্যই জনগণ আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ