পুলিশের সামনেই গুলি করে ভারতের সাবেক বিধায়ক ও ভাইকে হত্যা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ১০:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ১০:৩৬ পূর্বাহ্ণ

টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে কথা বলার সময় ভারতের সাবেক একজন রাজ্যসভার সদস্য এবং তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। অপহরণের একটি মামলায় তিনি আগে সাজাপ্রাপ্ত হয়েছিলেন।
হত্যা এবং হামলার একটি মামলায় বৃহস্পতিবার গ্রেফতারের পর আতিক আহমেদ নামে সাবেক ওই বিধায়ককে শনিবার রাতে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছিল পুলিশ। রাত সাড়ে ১০টার দিকে মেডিকেল কলেজের কাছে দাঁড়িয়ে যখন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন খুব কাছ থেকে পিস্তল বের করে তার মাথায় গুলি করা হয়। সেই সময় পাশে দাঁড়ানো তার ভাই আশরাফকেও গুলি করে হত্যা করা হয়। যারা গুলি করেছিলেন, তারা সাংবাদিক সেজে দাঁড়িয়ে ছিলেন।স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুলি করার পরপরই তিনজন ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাদের পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, আতিক আহমেদ এবং তার ভাই আশরাফ পুলিশি হেফাজতে থেকেই সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। সেই সময় তাদের শারীরিক পরীক্ষা করানোর জন্য কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। সেসময় তাদের দু’জনকেই গুলি করে হত্যা করা হয়।
জনতার আওয়াজ/আ আ