সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ গণআন্দোলনের বিকল্প নেই : মঈন খান - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ গণআন্দোলনের বিকল্প নেই : মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ

 

সরকারের সকল অন্যায়, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, দেশে সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ গণআন্দোলনের বিকল্প নেই।

আজ রোববার ঢাকা ১৮ নির্বাচনী এলাকায় বিএনপির ঈদ উপহার বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

রমজানে ঢাকা ১৮ নির্বাচনী এলাকায় অসহায়-দুস্থ জনগণের মাঝে ঈদ উপহার বিতরণ করে বিএনপি। উপহার বিতরণের এ ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রেখেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদ। এর অংশ হিসেবে উত্তরার দক্ষিণখানের ফায়দাবাদে ১,২০০ অসহায় দুস্থ নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।

দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ঈদ উপহার দুস্থদের হাতে তুলে দেন।

এ সময় ড. মঈন খান বলেন, সরকার এখন ‘৭২-‘৭৫ এর স্টাইলে দেশ চালাচ্ছে। তাদের সকল অন্যায়, নির্যাতন, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশে সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ গণআন্দোলনের বিকল্প নেই।

তাবিথ আউয়াল বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বিদ্যুৎ-গ্যাসের দাম বেড়েই চলছে। মানুষ খুব অসহায় ও বিপদাপন্ন হয়ে পড়েছে। মানুষ বর্তমান দুঃশাসনের অবসান চায়। এজন্য সবাইকে রাজপথে নেমে আসতে হবে। তীব্র গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করতে হবে।

এম কফিল উদ্দিন আহমেদ বলেন, গরিব-দুঃখী ও অসহায় মানুষ নিদারুণ কষ্টের মধ্যে দিনযাপন করছে। তাদের জন্য কিছু করতে পারায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও অসহায়দের পাশে থাকার চেষ্টা করব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ