মার্কেটে আইপি ক্যামেরা বসানোর পরামর্শ ডিএমপি কমিশনারের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ

রাজধানীর বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা পর্যালোচনা ও করণীয় নির্ধারণ এবং আসন্ন ঈদুল ফিতর ও ঈদ পরবর্তী সময়ে মার্কেটের নিরাপত্তা নিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ব্যবসায়ীদের বলেছেন, ‘ঈদের ছুটিতে বাড়িতে বসে মার্কেটে নজরদারি করার জন্য মার্কেটে আইপি ক্যামেরা বসাতে পারেন।’আজ মঙ্গলবার ডিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, আমাদের পুলিশ সার্বক্ষণিক সতর্ক পাহারায় থাকবে। মার্কেটের নিরাপত্তার ক্ষেত্রে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। তাছাড়া বাড়িতে বসে মার্কেটের নজরদারি করার জন্য মার্কেটে আইপি ক্যামেরা বসাতে পারেন।
সভা সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বিপিএম-বার, পিপিএম। সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ হেডকোয়ার্টার্স, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্পেশাল ব্রাঞ্চ, ফায়ার সার্ভিস, বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ জুয়েলারি সমিতি, ঢাকা মহানগর দোকান মালিক সমিতি, এফবিসিসিআই প্রতিনিধিসহ ঢাকার বিভিন্ন থানার স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ