তারেক রহমানের বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগের বিচার বাংলার মাটিতে হবে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগের বিচার বাংলার মাটিতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি বলেন, তারেক রহমানের দুর্নীতির বিচার কাজ যখন শুরু হয়েছে তখন মির্জা ফখরুল সাহেব বলছেন, ‘তারেক রহমানকে রাজনীতির বাইরে রাখার জন্য বিচার হচ্ছে।’ আমরা বলতে চাই, তারেক রহমান ও বিএনপির এত ভয় কিসের? তারা দুর্নীতি করেছে জেনেই বিচার কাজ বাধাগ্রস্ত করতে চাচ্ছে। তারা চ্যাম্পিয়ন দুর্নীতিবাজ জেনেই গঠনতন্ত্রে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্তকে রাখার ধারা সংযোজন করেছে। তারেক রহমানের দুর্নীতির বিচার বাংলার মাটিতে হবে। কোনো অপশক্তি বিচার বন্ধ করতে পারবে না।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীতে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।
বাহাউদ্দিন নাছিম বলেন, স্বৈরশাসকের পকেট থেকে জন্ম নেওয়া বিএনপি দুর্নীতির বিচার চায় না। তারা দেশের মানুষকে পাশ কাটিয়ে অগ্নিসন্ত্রাস করে, দেশকে অস্থিতিশীল করে বিদেশিদের আজ্ঞাবহ হয়ে ক্ষমতায় যেতে চায়, আবারও বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করতে চায়। বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে তাদের আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতার আদর্শে তার কন্যা শেখ হাসিনা মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন। যারা মানুষের জন্য কাজকে বাধাগ্রস্ত করছে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের মোকাবিলা করবো।
স্বেচ্ছাসেবক লীগের এই প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, স্বেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে যাচ্ছে। রাজনৈতিক কর্মসূচি না রেখে আওয়ামী লীগ মানুষের পাশে থেকে কাজ করছে। অন্যদিকে বিএনপি-জামায়াত পাঁচতারকা হোটেলে ইফতার পার্টি করছে। তারা জনগণের কাছে না গিয়ে বিদেশি দূতাবাসে ধর্না দিচ্ছে। তারা গণতন্ত্র বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারিক সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ লিটন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ