রাজধানীজুরে গ্যাসের গন্ধ, সতর্ক অবস্থানে ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩ ১:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩ ১:১৩ পূর্বাহ্ণ

রাজধানীর বিভিন্ন স্থানে বাতাসে গ্যাসের গন্ধ পাওয়ায় নগরবাসী আতঙ্ক হয়ে পড়েছে। মহাখালী ওয়ারলেস ও টিবি গেটে প্রচুর গ্যাস লিকেজের ঘটনায় মসজিদে মাইকিং করা হয়েছে। ঘটনার পর ফায়ার সার্ভিস সতর্ক অবস্থানে রয়েছে এবং নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে তারা।
সোমবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার খবর আসতে শুরু করে। একই অবস্থা বনানী, ইস্কাটন, নয়াটোলা, মগবাজার, মুগদা এলাকায়ও। এসব এলাকায় গ্যাস লিক হচ্ছে। রাস্তায় হাঁটার সময় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। মসজিদে মাইকিং করে চুলা না জ্বালানোর অনুরোধ জানানো হয়েছে।
এই বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কো. লিমিটেডের জরুরি নম্বরগুলোতে কল করেও কোন সাড়া মেলেনি। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই বিষয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাজধানীর বেশিরভাগ এলাকা থেকে আমরা ফোনকল পেয়েছি। তাদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা তিতাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় হুট করে এই লিকেজ হয়েছে। তারা লিকেজগুলো শনাক্ত করে গ্যাসের লাইন ঠিক করার চেষ্টা চালাচ্ছেন।
এদিকে রাজধানীতে প্রত্যকটি ফায়ার সার্ভিসের স্টেশনগুলোকে সর্তক করেছে ফায়ার সদরদপ্তর। এই বিষয় নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আমাদের ইউনিটগুলোকে স্ট্যান্ড বাই থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ইউনিট রাজধানীতে টহলে বের হয়েছে।
জনতার আওয়াজ/আ আ