জাপান সফরে প্রধানমন্ত্রী: বেশ কয়েকটি স্মারক সই
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ২৬, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ২৬, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
ঢাকা ও টোকিওর কৃষি, মেট্রো রেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, শুল্ক সংক্রান্ত বিষয়, মেধাসম্পদ, প্রতিরক্ষা সহযোগিতা, আইসিটি এবং সাইবার নিরাপত্তা সহযোগিতাসহ বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারকে সই হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) বিকেলে বাসসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে কতগুলো বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে তা সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পর সমঝোতা স্মারকে সই হয়েছে বলে জানিয়েছে বাসস। উভয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও বিনিময় প্রত্যক্ষ করেন।
জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্পর্ক জোরদার, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা এবং রোহিঙ্গা সমস্যাসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো প্রাধান্য পায়।
জনতার আওয়াজ/আ আ