নির্বাচন কেন্দ্র করে সহিংসতার চেষ্টা করলে দমন করা হবে : আইজিপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ

ডেস্ক নিউজ
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জাতীয় নির্বাচনসহ যেকোনো নির্বাচন কেন্দ্র করে কেউ সহিংসতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।
আজ শনিবার দুপুরে সিলেটের পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সিটি করপোরেশনসহ সব নির্বাচনের দায়িত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা রয়েছে। নির্বাচন কমিশনের অর্পিত যে কোনো দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ প্রস্তুত আছে।
তিনি আরও বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ সবাইকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাস দমনে বদ্ধপরিকর।
গুজব নিরসনে পুলিশ কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে কেউ গুজব রটানোর অপচেষ্টা করলে প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক সময়ে সারা দেশে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ব্যাপারে আইজিপি বলেন, নির্বাচনের আগে সব অনাকাঙ্ক্ষিত বিষয় রোধে আমাদের কড়া গোয়েন্দা নজরদারি রয়েছে। এ ছাড়া ঘটে যাওয়া এসব ঘটনার তদন্তও অব্যাহত রয়েছে।
জনতার আওয়াজ/আ আ