দ্রব্য সামগ্রীর দাম সহনশীল পর্যায়ে রাখতে হবে : রওশন এরশাদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ১১, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ১১, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ

ডেস্ক নিউজ
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ এমপি বলেছেন, দ্রব্য সামগ্রীর দাম সহনশীল পর্যায়ে রাখতে হবে।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, লাফিয়ে লাফিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বেড়েই চলছে। সরকার অজুহাত দেখাচ্ছে করোনা পরিস্থিতি ও ইউক্রেন যুদ্ধ। কিন্তু এখনতো আর করোনা নেই এবং ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব খাদ্র সামগ্রী দাম বাড়ার ব্যাপারে কোন প্রভাব পড়ার কথা নয়। এ দুটি কারণে লাগামহীনভাবে দাম বাড়বে কেন! বিস্ময়ের ব্যাপার হচ্ছে বাজারে খাদ্য সামগ্রীর ঘাটতি নেই তারপরেও সাধারন মানুষের নাভিশ্বাস উঠেছে, তাদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। তারা না পারে বলতে না পারে সইতে।
এই নেত্রী বলেন, প্রয়োজনীয় জিনিষপত্রের দাম বাড়ার ব্যাপারে কাজ করছে অনেক অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী। সরকারকে এই অসাধু সিন্ডিকেট ভাঙতে হবে। সরকার বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দেয়ার পরেও সেটা মানছে না বিক্রেতারা। নির্ধারিত মূল্যের বেশী দামে বিক্রি করছে সর্বত্র এবং সব ধরনের দ্রব্যসামগ্রী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। বছরের পর বছর এই সিন্ডিকেট দ্রব্য সামগ্রীর দাম বাড়িয়ে সাধারন মানুষকে সীমাহীন দুঃখ দুর্দশা সৃষ্টি করবে এটা হতে দেয়া যায় না।
তিনি টিসিবির দ্রব্য সামগ্রী আরো সঠিকভাবে ও ব্যাপকহারে দেশব্যাপী বিতরণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
বিরোধী দলের নেতা আরো বলেন, অবিলম্বে সরকারকে সিন্ডিকেট সমূহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ব্যাপক জনগোষ্ঠির জন্য দ্রব্য সামগ্রীর দাম সহনশীল পর্যায়ে জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি
জনতার আওয়াজ/আ আ