আওয়ামী লীগকে হুমকি-দমকি দিয়ে লাভ নেই : কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ১৪, ২০২৩ ২:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ১৪, ২০২৩ ২:১১ অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগকে হুমকি-দমকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ কচু পাতার ভোরের শিশির বিন্দু নয়।
তিনি বলেন, বাস্তবতা হচ্ছে আন্দোলন করে ঝড় তোলার সামর্থ বিএনপির নেই। আর নেই বলে তারা গলাবাজি করে নিজেদের অক্ষমতা ঢাকতে চায়। সেই ডিসেম্বর থেকে কত ঝড় দেখলাম। এ গলাবাজি বাস্তবে মরিচিকা।
রবিবার (১৪ মে) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্দোলনে বিএনপি ভুলের পর ভুল করে যাচ্ছে উল্লেখ করে কাদের বলেন, ‘বছর যায় দিন যায়, মাস যায় আন্দোলন আর হয় না। কোরবানির ঈদের পর আন্দোলন হবে। কোথায় আন্দোলন হবে? আন্দোলন এই বছর না ওই বছর আন্দোলন হবে কোন বছর? তারা যা বলেছে কোন আন্দোলন সফল হয়েছে। গলাববাজির কোনো মূল্য নেই। বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা।’
তিনি বলেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুল বলেছেন, ‘রাজনৈতিক ঝড় আসন্ন। আমরা অপেক্ষায় আছি’। বিএনপি ও তার দোসর সহযোগীরা নাকি ঝড় সৃষ্টি করবে সেই ঝড়ে নাকি সরকারে পতন হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনে নাকি তারা আসবে না। নির্বাচন নাকি রুখে দিবে। আমরাও দেখবো কে কাকে রুখে দেয়। নিবাচন বানচালের সকল ষড়যন্ত্র রুখে দিবো।’
কাদের বলেন, ‘বিএনপি ঘরে অনৈক্য, জোটে অনৈক্য। ৫৪ দলের জোট ১৪/১৫ দলে নেমে আসছে। নির্বাচনের আগে গতবারের মতো তাদের অবস্থা জগাখিচুড়ির পরিণতি দাঁড়াবে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির আন্দোলনের নেতা নেই, নির্বাচনের নেতা নেই। নেতা ছাড়া আন্দোলন পৃথিবীর কোথাও হয়নি।’
তিনি বলেন, ‘আমরা নির্বাচন পর্যন্ত সতর্ক পাহারায় থাকবো। আমাদের শান্তি সমাবেশ নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।’
সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাছিম, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, আহমদ হোসেন, সুজিত রায় নন্দী, বিএম মোজাম্মেল হক, শফিউল আলম চৌধুরী নাদেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিল্প বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ