আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার লিগে তৃতীয় স্থানে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ১৫, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ১৫, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ণ

দুই পেসার মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। রোববার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে।
এতে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় তামিমের দল। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হলেও, দ্বিতীয়টি ৩ উইকেটে জিতেছিল টাইগাররা। এর আগে গত মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো তামিম-সাকিবরা।
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শেষ হলো বিশ্বকাপ সুপার লিগের লড়াই। ২৪ ম্যাচে ১৫ জয়, ৮ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১৫৫ পয়েন্ট নিয়ে সুপার লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে টাইগাররা। ২৪ ম্যাচে ১৫৫ পয়েন্ট রয়েছে ইংল্যান্ডেরও। কিন্তু রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২৪ ম্যাচে ১৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বিশ^কাপ খেলবে নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে থেকে একাদশে তিনটি পরিবর্তন এনে মাঠে নামে টাইগাররা। আঙুলের ইনজুরিতে এ ম্যাচে নেই সাকিব আল হাসান। সাকিবসহ শরিফুল ইসলাম ও তাইজুল ইসলামের জায়গায় একাদশে সুযোগ হয়েছে রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরী ও মুস্তাফিজুর রহমানের। এরমধ্যে ওয়ানডেতে অভিষেক হয়েছে রনি ও মৃত্যুঞ্জয়ের।
অধিনায়ক তামিমের সাথে ইনিংস শুরু করে প্রথম ১১ বলে রান নিতে পারেননি রনি। ১২তম বলে বাউন্ডারি দিয়ে রানের খাতা খুলেন রনি। পরের ডেলিভারিতেই মার্ক অ্যাডায়ারের বলে আউট হন ৪ রান করা রনি।
দ্বিতীয় উইকেটে দ্রুত রান তুলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ও তামিম। দলের রান হাফ-সেঞ্চুরি পার করলেও ১ রানের জন্য জুটিতে অর্ধশতক করতে পারেননি তামিম-শান্ত। ক্রেইগ ইয়ংয়ের বলে দ্বিতীয় স্লিপে অ্যান্ড্রু বলবির্নিকে ক্যাচ দেন ৭টি চারে ৩২ বলে ৩৫ রান করা শান্ত। জুটিতে ৪৪ বলে ৪৯ রান উঠে।
শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন নিয়মিত ওপেনার লিটন। তামিমের সাথে বড় জুটি গড়ার চেষ্টায় সফল হন ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত চার নম্বরে নামা লিটন। জমে উঠা জুটিতে আসে অর্ধশতকও। কিন্তু জুটিতে ৭০ রান আসার পর বিচ্ছিন্ন হন তামিম-লিটন। অ্যান্ডি ম্যাকব্রিনের বলে মিড অফের উপর দিয়ে মারতে গিয়ে অ্যাডায়ারকে ক্যাচ দেন লিটন। ৩৯ বলে ৩টি চার ও ১টি ছক্কায় য়ে ৩৫ রান করেন তিনি।
লিটনের বিদায়ের পর নয় ইনিংস পর ৬১ বলে ওয়ানডেতে ৫৬তম হাফ-সেঞ্চুরির দেখা পান তামিম। অধিনায়কের হাফ-সেঞ্চুরির পর দ্রুত বিদায় নেন আগের ম্যাচে ৬৮ রানের ইনিংস খেলা তৌহিদ হৃদয়। এবার ১৩ রান করেন তিনি।
বড় ইনিংসের আভাস দিয়ে ৬৯ রানে আউট হন তামিম। জর্জ ডকরেলে বলে উইকেট ছেড়ে ছক্কা মারতে গিয়ে শর্ট থার্ডম্যানে ইয়ংয়ের হাতে ধরা পড়েন তিনি। ৬টি চারে ৮২ বলে ৬৯ রান করেন তামিম।
জনতার আওয়াজ/আ আ