জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আ.লীগ সরকারের পরিবর্তনের বিকল্প নেই : বুলবুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ১৭, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ১৭, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ

জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মো: নূরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, চাঁপাই নবাবগঞ্জের চারটি পরিবারের হাতে আমরা গাভি গরু তুলে দিচ্ছি। আমাদের সমাজ ও রাষ্ট্রে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি সহায় সম্বলহীন পরিবারগুলোকে বাছাই করে তাদের সমস্যা সমাধানের জন্য স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করতো, নিম্ন আয়ের মানুষদের প্রয়োজনীয় উপকরণ তুলে দিয়ে স্বাবলম্বী করতে ভূমিকা পালন করতো, তাহলে এ সকল মানুষ দরিদ্র্যতার হাত থেকে মুক্ত হয়ে স্বচ্ছলভাবে জীবিকা নির্বাহ করতে পারতো। অথচ আমরা ক্ষমতাসীনদের অসহায় মানুষের অধিকার হরণ ও লুটপাটে ব্যস্ত থাকতে দেখতে পাচ্ছি। জনগণকে নিয়ে চিন্তা করার, তাদের সমস্যা সমাধান করার কোনো উদ্যোগ নেই। ফলে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই আওয়ামী সরকারের পরিবর্তনের বিকল্প নেই।
আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে চাঁপাইনবাবগঞ্জের অসহায় ও দরিদ্র চারটি পরিবারের মাঝে গাভি গরু বিতরণকালে তিনি এসব কথা মন্তব্য করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেল, পৌর জামায়াতের সেক্রেটারি মোক্তার হোসেন, ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি তানভীর আহম্মেদ, জামায়াত নেতা শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম মাস্টার প্রমুখ।
নূরুল ইসলাম বুলবুল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমাজে যাদেরকে সম্পদশালী করেছেন, তাদের সম্পদে এসব দরিদ্র মানুষের অংশ রেখেছেন। ফলে এই সকল মানুষের কল্যাণে তাদেরও ভূমিকা রাখতে হবে, এটা আল্লাহর নির্দেশনা। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমাদের কর্মী ও শুধীদের থেকে সহযোগিতা নিয়ে সমাজের বঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে কুরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষে চাঁপাইনবাবগঞ্জে আমরা কাজ করে যাচ্ছি। সংগঠনের চার দফা কর্মসূচির অন্যতম একটি দফা হচ্ছে সমাজের সংস্কার ও কল্যাণমূলক কাজের মাধ্যমে জনগণের সেবা করা। দেশের সকল নাগরিক যেন তার ন্যায্য অধিকার ভোগ করতে পারে, আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরো বলেন, সর্বমহলে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে বন্দী করে রেখেছে। তিনি দেশের যেখানেই মানুষের কষ্টের কথা শুনেছেন, সেখানেই মানবতার সেবায় ছুটে গেছেন। এর আগে চাঁপাইনবাবগঞ্জের নৌকাডুবিতে ২১ জন মানুষ নিহত হলে সেখানে আমিরে জামায়াত সহযোগিতা নিয়ে ছুটে এসেছিলেন। অসুস্থ মানুষদের চিকিৎসা সহযোগিতা করে তাদের পাশে আমরা ছিলাম। ট্রেনে কাটা পড়ে নিহত পরিবারগুলোকে ৪০ হাজার করে নগদ সহায়তা করা হয়েছে। গতকালও আমি চাঁপাইনবাবগঞ্জের বজ্রপাতে নিহত তিনটি পরিবারের হাতে নগদ পঞ্চাশ হাজার করে টাকা সহযোগিতা করে এসেছি।
তিনি আরো বলেন, মানবতার সেবায় আমরা কখনো জাতি ধর্ম ভেদাভেদ করি না। দেশে ক্ষতিগ্রস্ত মানুষ কে কোন দল করেন, সেটা আমাদের বিবেচনার বিষয় না। জামায়াত সবার বিপদ মুসিবতে পাশে আছে, থাকবে ইনশাআল্লাহ। সহযোগিতা পাওয়ার হকদার প্রতিটি মানুষকে আমরা সহযোগিতা পৌঁছিয়ে যাচ্ছি। আমরা আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোর হাতে সহযোগিতা পৌঁছিয়েছি। নদীভাঙন এলাকায় টিউবয়েল প্রয়োজন, আমরা সেখানে জামায়াতের পক্ষ থেকে নিরাপদ পানির জন্য টিউবয়েল প্রতিস্থাপন করে দিয়েছি। এভাবে পুরো চাঁপাইনবাবগঞ্জের জনগণের পাশে আমরা সেবা ও সহযোগিতা নিয়ে আছি। জামায়াত অতীতেও মানুষের পাশে ছিল, এখনো আছে, সামনেও থাকবে। ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, সরকার ধারাবাহিকভাবে মামলা, হামলা, নির্যাতন ও ভয়-ভীতি দেখিয়ে দেশপ্রেমিক জনগণকে শোষন করতে চায়। এজন্যই তারা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, বরেণ্য আলেম দেলাওয়ার হোসেন সাঈদী, বর্তমান সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ হাজার হাজার নেতা-কর্মীকে দীর্ঘ দিন মিথ্যা ও কাল্পনিক সাঁজানো মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছে। সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার সময় বার বার তাকে কারাফটক থেকে গ্রেফতার করে জুলুম নির্যাতন চালাচ্ছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অবিলম্বে জামায়াত নেতাসহ সকল রাজবন্দিকে মুক্তি দিন। অন্যথায় দেশবাসীকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনাদের বিদায় নিশ্চিত করা হবে।
এ সময় তিনি স্থানীয় কাউন্সিলরকে নিরলসভাবে জনগণের পাশে থেকে অক্লান্ত পরিশ্রম করে যাওয়ার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান। মানুষের সুখে-দুঃখে, সুবিধা-অসুবিধায় ভবিষ্যতেও তিনি পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এসব সমাজকল্যাণমূলক কাজে যারা সহযোগিতা করেন,দ তাদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
জনতার আওয়াজ/আ আ