জনগণকে রক্ষা করার জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই : দুদু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ১৯, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ১৯, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশ এবং জনগণকে রক্ষা করার জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই। গণঅভ্যুত্থান ছাড়া মানুষের মুক্তি নেই। শেখ হাসিনা পদত্যাগ করলে, পার্লামেন্ট ভেঙ্গে দিলে এবং নতুন নির্বাচন কমিশন সর্বসম্মতভাবে গঠন করলে, বিএনপি নির্বাচনে যাবে। তার আগে নির্বাচন করার প্রশ্নই উঠে না। এই সত্যটা বর্তমান সরকার যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি দেশের ভয়াবহ রাজনৈতিক সংকট মোচনের একটি পথ বেরিয়ে আসবে।
শুক্রবার (১৯ মে) নওগাঁ জেলা বিএনপির কার্যালয়ের সামনে ১০ দফা দাবিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, সরকার প্রধান বলেছেন, আমেরিকা তাকে ক্ষমতায় থাকা পছন্দ করছে না। আসলে বাংলাদেশের জনগণ তাকে বৈধ সরকার বলে মনে করে না, এটি হচ্ছে সব থেকে বড় সত্য। এই সরকার বর্তমান গণতন্ত্রের অবমাননাকারী। এই সরকার দেশে স্বৈরতন্ত্র ফিরিয়ে এনেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। দুর্নীতিবাজ এবং লুটেরা এই সরকারের সময় সব থেকে ভালো আছে।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম এতটাই বেড়েছে সাধারণ মানুষের বেঁচে থাকায় এখন কঠিন। সরকার সমর্থিত সিন্ডিকেটরা বাজার নিয়ন্ত্রণ করছে। এই সরকারকে বিদায় করতে না পারলে জিনিসপত্রের দাম কমার কোন সম্ভাবনা নেই। এদেশের কৃষক-শ্রমিক মেহনতি মানুষরা ধুকে ধুকে মরছে। দেশ বাঁচাতে হবে দেশের মানুষদেরকে রক্ষা করতে হবে। এজন্য আন্দোলনের কোনো বিকল্প নেই। গণঅভ্যুত্থান ছাড়া মানুষের মুক্তি নেই।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী নান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা লে. কর্নেল আব্দুল লতিফ, কৃষিবিষয়ক সম্পাদক শামসুজ্জামান খাঁন, রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, নওগাঁ পৌরসভা মেয়র ও কেন্দ্রীয় নেতা নাজমুল হক সনি, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী বিএনপি সভাপতি ফজলে হুদা বাবুল, বিএনপি নেতা আব্দুল মতিন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ