সরকার পতনের ঝড় লন্ডন থেকে উঠবে, নাকি ঠাকুরগাঁও থেকে - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার পতনের ঝড় লন্ডন থেকে উঠবে, নাকি ঠাকুরগাঁও থেকে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২১, ২০২৩ ১১:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২১, ২০২৩ ১১:৪৩ পূর্বাহ্ণ

 

বিএনপির সরকার পতনের ঝড় লন্ডন থেকে উঠবে, নাকি ঠাকুরগাঁও থেকে আসবে—তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে ওলামা লীগের প্রথম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঝড় আসার দিনক্ষণ প্রকাশ করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সরকারের সময় কখন শেষ হবে তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। বিএনপি আছে সরকার পতনের আন্দোলন নিয়ে, আর আওয়ামী লীগ আছে জনগণের জানমাল রক্ষার আন্দোলনে। বিএনপির আন্দোলনের সময় শেষ হয়ে গেছে।

দেশের মানুষ মনে করে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে পথ হারাবে না বাংলাদেশ—এ কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণের জানমাল রক্ষার জন্য আমাদের শান্তি সমাবেশ করতে হচ্ছে। আওয়ামী লীগ জনগণের সঙ্গে আছে। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। ক্ষমতায় কে থাকবে, এটা নির্ধারণ করবে দেশের জনগণ। দেশের মানুষ আওয়ামী লীগকেই চায়, কোনো সন্ত্রাসী দলকে নয়। আগামী নির্বাচনেও দেশের মানুষ ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে।

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। তিনি দেশকে নিয়ে ভাবেন। তার মতো করে কেউ দেশকে নিয়ে ভাবেন না। বর্তমান সময় আমরা এখন একটি সংকটের মধ্যে আছি। যেটা আমাদের সৃষ্টি নয়। করোনা মহামারি সামলানোর পর যুদ্ধ শুরু হয়। ফলে জ্বালানি ও ডলারের দাম বেড়ে যায়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। অনেক পণ্যই বাইরে থেকে আমদানি করে আনতে হয়। কিছু পণ্য আনা কমিয়ে দিলে মানুষের কষ্ট বাড়বে। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। কিন্তু জ্বালানি সংকটে পুরোপুরিভাবে সে চাহিদা মেটাতে পারছি না।

ওলামা লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কে এম আব্দুল মোমিন সিরাজীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ