আন্দোলনের আড়ালে ষড়যন্ত্রও করতে পারে বিএনপি: শাহজাহান খান - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্দোলনের আড়ালে ষড়যন্ত্রও করতে পারে বিএনপি: শাহজাহান খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শাহজাহান খান বলেছেন, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। বিএনপি গত ১৩ ও ১৪ সালে আন্দোলনের নামে যেই নাশকতা, সন্ত্রাস ও অগ্নি সংযোগ করেছে তাতে আমাদের বিশ্বাস, আগামী দিনে আন্দোলনের আড়ালে তারা আবারও ষড়যন্ত্র ও নাশকতার পাঁয়তারা করতে পারে। তার নমুনা অনুযায়ী গতকাল বুধবার বিএনপি তার চিরাচারিত রূপে ফিরে এসে নাশকতা করেছে।

বৃহস্পতিবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে উপজেলা কমান্ডার্স এ্যাসোসিয়েশন, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বর্তমানে দেশী বিদেশী ষড়যন্ত্রকারীদের যে সকল কার্যকলাপ দৃশ্যমান হচ্ছে তাতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তথা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই জানিয়ে শাহজাহান খান বলেন, এখন খুব ভদ্রলোকের মতো গণতান্ত্রিক আন্দোলন করছে বিএনপি। তারা মিটিং করছে, মিছিল করছে। তাদের কর্মসূচিতে সরকার কোনো বাধা দিচ্ছে না। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কেউ যদি আন্দোলনের নামে সন্ত্রাস বা নাশকতা করে তাহলে কাউকে ছাড় দেয়া হবে না’। সন্ত্রাস ও নাশকতা এড়িয়ে বিএনপি যদি কোন আন্দোলন করে সেটা প্রতিহত করার আমাদের কোন প্রয়োজন নেই। আগামীতে জনগনই ঠিক করবে তাদের কিভাবে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, বিএনপি এখন শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করছে। ১৯৭৫ সালে ১৫ই আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছিল এবং জাতীয় চার নেতাকে হত্যা করে আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। ঠিক সেইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর এই পর্যন্ত ২১ বার সরাসরি হত্যার চেষ্টা করা হয়েছিল।

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় মুক্তিযোদ্ধা সংসদ সদা জাগ্রত থাকবে বলে জানান।

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কতৃক প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আগামী ২৮ মে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ।

উপজেলা কমান্ডারস এসোসিয়েশন, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক সৈয়দ গোলাম মর্তুজার সভাপতিত্বে ও মতিন হাওলাদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ওসমান আলী,এবিএম সুলতান আহমেদ, এস এম মুজিবর রহমান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ