বিএনপিপন্থি আইনজীবীদের বের করে দিলেন আওয়ামীপন্থিরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ৩০, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ৩০, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের সময় বিএনপিপন্থি আইনজীবীদের ধাওয়া করে এজলাস থেকে বের করে দিয়েছেন আওয়ামীপন্থিরা। এসময় কয়েকজন আইনজীবী আহত হন।
ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে মঙ্গলবার (৩০ মে) দুপুরে সাক্ষ্যগ্রহণের সময় আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোল শুরু হয়। এসময় বিচারক এজলাস ছেড়ে চলে যান। এরপর সন্ধ্যা ৬টার দিকে বিচারক এজলাসে উঠে সাক্ষ্যগ্রহণ শুরু করেন।
প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, সাক্ষ্যগ্রহণের সময় এজলাসের ভেতরে ছবি তোলাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। এসময় বিএনপিপন্থি আইনজীবীদের কয়েকজন বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করেন। এরপর আদালতের বাইরে অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিকে আদালতের বাইরে আওয়ামীপন্থি আইনজীবীরা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতে এ অচলাবস্থা চলমান রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করেন দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা।
মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। ২০০৮ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায় ইকবাল মান্দ বানুকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
জনতার আওয়াজ/আ আ