নীলফামারীর ডোমারে স্ত্রীর দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে এক সন্তানের জননী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নীলফামারীর ডোমারে স্ত্রীর দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে এক সন্তানের জননী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ

 

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে ছাত্রলীগ নেতার বাড়িতে স্ত্রীর দাবি নিয়ে অনশন করছেন এক নারী। বৃহস্পতিবার (০১ জুন) দুপুর থেকে ডোমার পৌর ছাত্রলীগের সভাপতি অভিজিৎ সর্বঙ্গ পাপনের বাড়িতে অনশন করছেন ওই নারী। জানা গেছে, পাপন পৌরসভার ছোটরাউতা সাহাপাড়া এলাকার দেবরঞ্জন সর্বঙ্গের ছেলে। তিনি ২০২২ সালের ২৯ জুলাই থেকে ডোমার পৌর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগী ওই নারী বলেন, পাপনের সঙ্গে ২০১৩ সালে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। পরে ২০১৪ পঞ্চগড়ের বোদেশ্বরী মন্দিরে বিয়ে করি আমরা। এরপর ডোমার, নীলফামারীসহ বিভিন্ন স্থানে বাসাভাড়া করে সংসার করি। দীর্ঘ ৯ বছরের সংসারে পেটে বাচ্চা এলেও তা জোর করে নষ্ট করতে বাধ্য করেন পাপন। বারবার পারিবারিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা বললেও নানা অজুহাত দেখিয়ে টালবাহানা করতেন তিনি। এরপর গত কয়েক মাস ধরে কোনো খোঁজ না নেওয়ায় বাড়িতে অবস্থান করছি।

তিনি বলেন, গত একমাস থেকে পাপন আমার সঙ্গে দেখাও করে না, খোঁজ রাখে না। এমনকি আমার মোবাইল ফোনও রিসিভ করে না। সে অনেক ক্ষমতাবান। এখন সে আমাকে স্ত্রী বলে স্বীকার করছে না।

এদিকে বাড়িতে অনশনের সময় পুলিশ ঘটনাস্থলে এলে বাড়ির পেছন দিয়ে পালানোর চেষ্টা করেন ছাত্রলীগ নেতা পাপন। পরে পুলিশ তাকে নিজ হেফাজতে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে অভিজিৎ সর্বঙ্গ পাপন বলেন, ওই মেয়ের তিন স্বামী। সে বিভিন্ন জায়গায় মানুষকে ব্ল্যাকমেইল করে টাকা খায়। আমার কাছে প্রতারণা করে টাকা চায়। তার একটা ছেলেও আছে। আমি একটা অবিবাহিত হিন্দু সম্প্রদায়ের ব্রাহ্মণ ছেলে। আমার সম্পর্কে এলাকায় সবাই ভালো জানে। সে পরিকল্পিতভাবে আমাকে ফাঁসাতে এই কাজ করছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। পরে,পাপন অসুস্থ অনুভব করায় আমাদের তত্ত্বাবধানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ