রোডমার্চে হামলার প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ৭, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ৭, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ

গণতন্ত্র মঞ্চের চলমান রোডমার্চে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনের ঢাকাস্থ নেতৃবৃন্দ। মঙ্গলবার (৬ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের রোড মার্চে পথে পথে বাধা ও হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।
সোমবার গণতন্ত্র মঞ্চের চলমান রোডমার্চের শিবগঞ্জের সমাবেশ শেষে মোকামতলায় গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের বহনকারী গাড়িবহরের পর রাতে হোটেলে হামলা চালিয়ে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের আহত করা হয় বলে অভিযোগ রয়েছে।
হামলায় গণসংহতি আন্দোলনের নারায়নগঞ্জ শাখার সমন্বয়কারী তরিকুল সুজন, ছাত্র ফেডারেশনের সদস্য সাকিব ও সৌরভ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আইয়ুব আলী, শ্রমিক সংহতির ওসমান খান এবং গাড়িচালক শরিফ আহত হন।
সমাবেশে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, ‘যেখানেই গণতন্ত্র মঞ্চ সমাবেশ করতে চেয়েছে সেখানেই বাধা দিয়েছে। আমরা বিকল্প স্থান চেয়েছি তারা আমাদের বিকল্প স্থান দেয়নি। কিন্তু আমরা যেখানেই সমাবেশ করেছি সেখানেই মানুষের ঢল নেমেছে।’
তিনি আরও বলেন, ‘মানুষ এখন আর মিথ্যাবাদী, ভোটচোর সরকারকে চায় না। তারা (সরকার) বলছে মার্কিন ভিসানীতি নাকি বিএনপির জন্য দেওয়া হয়েছে। কিন্তু এখন প্রধানমন্ত্রী বলছে আমেরিকা না গেলে কিছু হবে না। তার মানে তারা ভোট চুরি করেই যাবেন।’
রুবেল বলেন, ‘আজকে ১১/১২ ঘন্টা করে লোডশেডিং হয়। এখন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিয়েছে। আর বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছে এই অবস্থা নাকি দুই মাস চলবে। এই হচ্ছে তাদের উন্নয়নের অবস্থা। আজকে তারা কীভাবে ক্ষমতায় টিকে থাকবেন সেই চিন্তা নিয়েই ব্যস্ত। তারা এই দেশ ধ্বংস করে দিয়েছে। অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। আজকে এই দেশের পরিবর্তন দরকার, গণতন্ত্র মঞ্চ সেই পরিবর্তন আনবে।’
ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু বলেন, ‘কয়লার অভাবে পায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেল। কুইক রেন্টালের নামে সরকারের আমলারা টাকা চুরি করে নিয়েছে। তারা বলেছে ঘরে ঘরে বিদ্যুৎ দেবে। কিন্তু এই বিদ্যুতের নামে তারা বিপুল অর্থ আত্মসাৎ করেছে।’
তিনি আরও বলেন, ‘শাসন ব্যবস্থার পরবর্তন ছাড়া কেবল ক্ষমতার পরিবর্তনে গণতন্ত্র মঞ্চ বিশ্বাস করে না। এই পরিবর্তনেই জন্যই গণতন্ত্র মঞ্চ রোডমার্চ করছে। আমাদের কর্মসূচিতে দেশবাসীকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।
এ সময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন গগণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য জুলহাস নাইম বাবু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের আদিল আমজাদ হোসেন, ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান হাবিব এবং এস এম এ কবির হাসানসহ অনেকে।
জনতার আওয়াজ/আ আ