প্রিজনভ্যানে হামলা: বিএনপির ১২ নেতাকর্মী রিমান্ডে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রিজনভ্যানে হামলা: বিএনপির ১২ নেতাকর্মী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৭, ২০২২ ১২:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৭, ২০২২ ১২:০৯ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

আসামি বহনকারী প্রিজনভ্যানে হামলার ঘটনায় গ্রেপ্তার বিএনপির ১২ নেতাকর্মীর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন মামলায় ১৮ আসামিকে আদালতে তোলা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের প্রত্যেকের দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হুমায়ুন কবির। এসময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ১২ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে, ছয় আসামি ইমরান হোসেন মাসুদ, গোলাম মোস্তফা পিয়ার, আশরাফ উদ্দিন, শাকিল আহমেদ মিলন, মাসুদ, ইব্রাহিমের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মনিরুজ্জামান মনি, রাসেল, আলাউদ্দিন, ইমতিয়াজ হাসান জনি, ওবায়দুর রহমান পারভেজ, অলি, শোয়েব হোসেন, ইমরান, শহিদুল হক, সেন্টু, কুতুব উদ্দিন মন্ডল ও আব্দুর রব।

প্রসঙ্গত, বুধবার (৬ এপ্রিল) পণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে শ্রমিকদলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে ২০২০ সালে গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে মতিঝিল থানার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর আদালত থেকে ইশরাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে রায়সাহেব বাজার মোড়ে এ ঘটনা ঘটে। এসময় সংঘর্ষে পুলিশসসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় ৮৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ২০০/২৫০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় উপপরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ