ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১২, ২০২৩ ১০:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১২, ২০২৩ ১০:২৬ অপরাহ্ণ

 

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগের অধীনে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সোমবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় ফের প্রমাণিত হলো- নিশিরাতের বর্তমান অবৈধ সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়, এদের আমলে দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় একজন ধর্মীয় নেতা ও মেয়র প্রার্থীর ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক।

এই ঘটনায় ধিক্কার জানিয়ে মির্জা ফখরুল বলেন, সন্ত্রাসীদের দ্বারা এই ধরনের বর্বরোচিত হামলায় আরো প্রমাণিত হয়েছে যে, আওয়ামী লীগ তাদের ছাড়া বিরোধী দলের কোনো প্রার্থীকেই সহ্য করতে পারে না। হামলা চালিয়ে আক্রমণ করে অথবা যেকোনো প্রক্রিয়ায় তাদেরকেই বিজয়ী হতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশনও সরকারের হুকুমের বাইরে চলতে পারে না। বিরোধীদলহীন এ ধরনের একটি নির্বাচনও তারা আয়োজন করতে সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেখানে একজন মেয়র প্রার্থী সরকারী দলের সন্ত্রাসীদের হামলার শিকার হয়, সেখানে সাধারণ ভোটারদের নিরাপত্তা কোথায়? এ ধরনের নির্বাচনী পরিবেশের জন্যই বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে।

মির্জা ফখরুল বলেন, স্পষ্টভাবে বলতে চাই- আওয়ামী লীগের অধীনে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা অবিলম্বে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জোর আহ্বান জানাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ