ব্যর্থতার দায় স্বীকার করে সিইসি’কে পদত্যাগ করতে হবে’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ১৭, ২০২৩ ১২:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ১৭, ২০২৩ ১২:৫৩ পূর্বাহ্ণ

খুলনা প্রতিনিধি:
নির্বাচন কমিশন রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার পরিবর্তনে নির্বাচন কমিশনের ভূমিকা’ই মুখ্য। কিন্তু বর্তমান সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে বারবার একটি নিরপেক্ষ জায়গায় পক্ষপাতদুষ্ট কমিশন নিয়োগ দিচ্ছেন৷ যারা ইনিয়েবিনিয়ে জাতিকে ধোকা দিয়ে বারবার প্রহসনের নির্বাচনের আয়োজন করে চলছে।
বর্তমান কাজী হাবিবুল আউয়াল-এর নেতৃত্বাধীন কমিশন অতীতের সব নির্লিপ্ততা পিছনে ফেলে ইতোমধ্যে মানসিক বিকারগ্রস্ত হিসেবে নিজেদের পরিচিয় দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল।
শুক্রবার (১৬ জুন) বিকাল নগরীর বায়তুন নুর মসজিদ উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, “তিনি কি ইন্তেকাল করেছেন?” শায়েখে চরমোনাইকে নিয়ে এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বের সাথে চরম বেমানান। এমন বক্তব্য নির্বাচন কমিশনারের দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করে। ইতোমধ্যে সিইসি’র এমন বক্তব্যেকে সচেতনমহল পাগলের প্রলাপ বলে অবিহিত করেছেন। সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ব্যর্থতার দায় নিয়ে সিইসিকে পদত্যাগ করার আহবান জানান।
প্রধান অতিথি আরো বলেন, বর্তমান ছাত্রলীগ বিগত সময়ে ছাত্র রাজনীতির ইতিহাসে সকল অর্জনকে ধূলিসাৎ করে দিয়েছে যার বাস্তব প্রমাণ খুলনা ও বরিশাল সিটি নির্বাচন। হাজার হাজার বহিরাগত এনে সন্ত্রাসী কায়দায় নির্বাচনের পরিবেশকে ব্যাহত করেছে।
এসব সন্ত্রাসীদের যদি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে সরকার ও প্রশাসন ব্যর্থ হয় তাহলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণাও দেন তিনি। বাংলাদেশের আদর্শিক রাজনীতি চর্চায় হুমকি হিসেবে কাজ করছে ছাত্রলীগ। ছাত্রলীগকে সন্ত্রাসের সংগঠন হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশে তাদের রাজনীতি বন্ধ করার জোর দাবি করেন।
জনতার আওয়াজ/আ আ